তাজমহল
ভারতের পশ্চিম উত্তর প্রদেশ আগ্রার এক রাজকীয় সমাধির নাম তাজমহল। আগ্রা শহরের পূর্ব দিকের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বের সপ্তাশ্চার্য এই নিদর্শনটি বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন শ্রেষ্ঠ কর্ম হিসেবে বিবেচিত। 
শান্তি ও সৌন্দর্যের প্রতীক এই তাজমহল প্রেমিক যুগলদের কাছে ভালোবাসার নিদর্শন হিসাবে সুপরিচিত। তাই যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকা তাজমহল দেখতে এবং ইতিহাস জানতে অসংখ্য পর্যটক বেড়াতে আসেন।

তাজমহলের সংক্ষিপ্ত ইতিহাস
মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী আরজুমান্দ বানু বেগম (যিনি মমতাজ নামেই বেশী পরিচিত) কে উৎসর্গ করে এই অপূর্ব সমাধিসৌধটি নির্মাণ করেছিলেন। মমতাজ তার চতুর্দশ কন্যা জন্মদানের সময় মৃত্যুবরণ করেছিলেন। 
মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে প্রচণ্ড ভেঙ্গে পড়েছিলেন আর তাই স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ হিসেবে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন। ১৬৩২ খ্রিষ্টাব্দে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়ে তা প্রায় 
২২ বছর পর ১৬৫৩ খ্রিষ্টাব্দে শেষ হয়েছিল। তাজমহলের নির্মাণ কারিগর নিয়ে অনেক ধরনের বিতর্ক থাকলেও মূলত উস্তাদ আহমেদ লাহুরির তত্ত্বাবধানে প্রায় ২,০০০ জন পারস্য, অটোম্যান সম্রাজ্য এবং ইউরোপের সুনিপুন 
নকশাকার ও কারিগর পারস্য ও মুঘল স্থাপত্য অনুসারে এটি নির্মাণ করেন। ১৯৮৩ সালে মুঘল স্থাপ্যতের নিদর্শন তাজমহল ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়।
