ক্যানসারের সঙ্গে লড়াই করা আট বছরের স্মিথকে জাতীয় দলের জার্সি উপহার রুনির 
বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডকে হারানোর পরেই উত্তাল হয়ে উঠেছে ইংল্যান্ড। কিন্তু সেই উৎসব থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে
ওয়েন রুনি শুভেচ্ছাবার্তা পাঠালেন খুদে স্কটিশ ভক্ত কাসাবিয়ান নিউটন স্মিথকে। আট বছরের স্মিথ লড়াই করছে ক্যানসারের বিরুদ্ধে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট
মারফত সেই ছোট্ট ছেলের কথা জানতে পারেন ইংল্যান্ড দলের অধিনায়ক। ম্যাচ জেতার পরেই রুনি জাতীয় দলের সই করার জার্সি পাঠান
স্মিথের কাছে। শুভেচ্ছা জানিয়ে টুইট করেন, 'তোমার এই লড়াইয়ের পাশে আমরা সকলে রয়েছি। আশা করি এই জার্সি তোমার মুখে হাসি
ফিরিয়ে আনবে। দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার জন্য রইল অনেক ভাললবাসা'। তবে শুধু রুনিই নন। পুরো ইংল্যান্ড টিম ভিডিও বার্তায়
স্মিথকে সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছে। কাসাবিয়ান পরিবারকে পাঠানো সেই বার্তায় বলা হয়েছে, 'আপনাদের এই লড়াইয়ের পাশে আমরাও রয়েছি। স্মিথ
সুস্থ হয়ে উঠলে আমরাও আনন্দে উৎসব করব'। ইংল্যান্ড দলের অন্যতম তারকা অ্যাডাম লালানা টুইট করেছেন, 'স্মিথ তুমি দ্রুত সুস্থ হয়ে
ওঠো। তোমার জন্য ফুটবল খেলার জন্য মুখিয়ে রয়েছি'। গ্যারি ক্যাহিলের টুইট, 'তোমার লড়াইটা আমাদের চেয়ে অনেক বেশি কঠিন। কিন্তু আমি
বিশ্বাস করি, তুমিই শেষ পর্যন্ত জিতবে এই লড়াইয়ে'। এদিকে, মঙ্গলবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ইংল্যান্ড খেলবে স্পেনের বিরুদ্ধে। সেই ম্যাচে রুনি
খেলবেন না। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন রুনি। তাই তাঁকে এই ম্যাচে খেলানোর ঝুঁকি নিতে চাননি ইংল্যান্ড দলের অন্তর্বর্তীকালীন ম্যানেজার
গ্যারেথ সাউথগেট। তিনি বলেছেন, এই ম্যাচে রুনিকে নামিয়ে আমি কোনও ঝুঁকি নিতে চাই না। ওকে বিশ্রাম দেওয়া হবে। তিনি আরও
জানিয়েছেন, মঙ্গলবারের ম্যাচে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন জোহান হেন্ডারসেন। রুনি নিজেও ঝুঁকি নিতে চাইছেন না মাঠে নামার। তিনি বলেছেন, চোট
সামান্যই। তবে সামনে লম্বা মরসুম পড়ে রয়েছে। অনেক কঠিন ম্যাচও রয়েছে। তাই নিজেকে ফিট রাখা আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয়।
রুনি ছাড়াও মঙ্গলবারের ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সদ্য চোট সারিয়ে ফেরা টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেন'কেও। ম্যানেজার সাউথ গেটের
মন্তব্য, এই ম্যাচটার বিশেষ কোনও মূল্য নেই আমাদের কাছে। তাই গুরুত্বপূর্ণ ফুটবলারদের মাঠে নামানোর দরকার আছে বলে মনে হয় না।
আমার কাছে শক্তিশালী ইংল্যান্ড টিমকে অটুট রাখাই মূল লক্ষ্য। দল এখন অনেক বেশি পরিণত এবং আত্মবিশ্বাসী। 