এমসিসি বৈঠকে চারদিনের টেস্ট ম্যাচ সুপারিশ করার বৈপ্লবিক সিদ্ধান্ত 
টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে তুলতে এবার খোদ এমসিসি'ও যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে। এমসিসি'র বিশেষ ক্রিকেট কমিটির সভা ছিল মঙ্গলবার মুম্বইতে।
ভারত থেকে এই কমিটিতে রয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের সভায় মোটামুটিভাবে সিদ্ধান্ত হয়েই গেল, চারদিনের টেস্টের পক্ষে মত দেওয়া
হবে। এমসিসি'ই ক্রিকেটের নিয়মকানুন তৈরি করে। তারা ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি'র কাছে কোনও কিছু সুপারিশ করা মানে তার গুরুত্বই আলাদা।
এর আগে চারদিনের টেস্টের ভাবনা গ্রহণ করতে চায়নি বিশ্বের সবচেয়ে পুরনো এবং একদা রক্ষণশীল ক্রিকেট ক্লাব। কিন্তু সৌরভরা অনেকেই জোর
দিয়ে বলেন, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে গেলে চারদিনের না করলে উপায় নেই। সৌরভদের এই কমিটির নাম ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। বছরে দু'বার
সভা হয় তাঁদের। মাইক ব্রিয়ারলি হচ্ছেন কমিটির চেয়ারম্যান। সৌরভ ছাড়াও রিকি পন্টিং, ব্রেন্ডন ম্যাকালাম, রামিজ রাজার মতো প্রাক্তন ক্রিকেটারেরা আছেন।
মুম্বইয়ের সভায় মঙ্গলবার আয়োজক দেশের বোর্ড প্রধান হিসাবে অনুরাগ ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতে চলছে বিরাট কোহলিদের সঙ্গে অ্যালেস্টেয়ার কুক'দের
টেস্ট সিরিজ। সেখানেও দর্শক হাজিরা খুবই কম। অনুরাগ'রাও তাই চারদিনের টেস্টে আপত্তি করবেন বলে মনে হয় না। টেস্টের দিনসংখ্যা কমানো
ছাড়াও অতিরিক্ত চওড়া ও ভারী ব্যাট ব্যবহার করা নিয়েও আলোচনা করলেন সৌরভ'রা। এমসিসি একটি সর্বোচ্চ মাপ ও ওজন বেঁধে দিতে
চাইছে ব্যাটের জন্য। ডেভিড ওয়ার্নারের মতো কেউ 'গদা' হাতে বোলারদের প্রহার করুক, চান না কেউ। 