এবার যাত্রা শুরু জুনিয়র মেসিরওঃ বার্সেলোনার অ্যাকাডেমিতে থিয়াগো 
ভবিষ্যতের লিওনেল মেসি তৈরি করার কাজে নেমে পড়ল বার্সেলোনা। এবং সেই অভিযানে বেছে নেওয়া হল আর্জেন্তিনীয় তারকার তিন বছরের
পুত্র থিয়াগো-কে। নভেম্বর মাসেই মেসি-পুত্র যোগ দিতে চলেছে এফসিবিএস্কোলা স্কুলে, যেখানে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের ফুটবলে হাতেখড়ি দেওয়া
হয়ে থাকে। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, তাঁর ছেলে থিয়াগো ফুটবল অনুরাগী। তিনি বলেছিলেন, আমি থিয়াগোর ওপর জোর করে
কিছু চাপিয়ে দেব না। তবে ও ফুটবলে এলে ভাল লাগবে। সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হতে চলেছে। 'পাপি' লেখা জার্সিতে প্রায়শই
ক্যাম্প ন্যু'তে দেখতে পাওয়া যায় জুনিয়র মেসিকে। ফলে বার্সা কর্তারাও আর দেরি করেননি জুনয়র মেসিকে ফুটবলের পাঠ দিতে। ক্লাবের ওয়েবসাইটে
জানানো হয়েছে, নভেম্বরেই চার বছরে পা রাখবে থিয়াগো। তাকে তখনই এস্কোলা স্কুলে ভর্তি করে নেওয়া হবে। তবে থিয়াগোকে নিয়ে বার্সেলোনার
বিশেষ উদ্যোগের পাশাপাশি দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে লিওনেল মেসির সাম্প্রতিক চোট। তলপেটে চোটের কারণে আর্জেন্তিনা শিবির ছেড়ে ক্লাবে ফিরে আসেন মেসি।
তাঁর চোট পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে গেলে অস্ত্রোপচারও করাতে হতে পারে তাঁকে। সেই খবরে উৎকণ্ঠা আরও বেড়েছে।
বুধবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'মেসির তলপেটের পেশিতে চোট রয়েছে। আরও কয়েকটি পরীক্ষা করা হবে তাঁর। লিও কবে
মাঠে ফিরবেন, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না'। যদিও বুধবার তিনি টিমের সঙ্গে হাল্কা অনুশীলন করেছেন। তবে আগামী সপ্তাহে
চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিরুদ্ধে মেসি খেলবেন কি না, তা নিয়ে সংশয় কাটছে না। 