রুনিরা আটকে গেলেন, জিতে লিগ টেবিলের শীর্ষে ম্যান সিটি 
সাম্প্রতিক হতাশার ছবিটা শনিবারও পাল্টাতে পারলেন না ওয়েন রুনি-রা। গত বুধবার ক্যাপিটাল ওয়ান কাপ থেকে বিদায়ের পর লুইস ফান
হাল-এর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার আটকে গেল ক্রিস্টাল প্যালেসের কাছে। ম্যাচ শেষ হল গোলশূন্য অবস্থায়। তবে লিগ টেবিলের শীর্ষে থেকেই শনিবারের
উৎসব সারলেন ম্যানুয়েল পেলেগ্রিনি। তাঁর ম্যাঞ্চেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে নরউইচ সিটি-কে। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে
তারা। পাশাপাশি ফের ছন্দে ফিরে এসেছে আর্সেনাল। ক্যাপিটাল ওয়ান কাপ থেকে ছিটকে যাওয়ার যন্ত্রণা ভুলে আর্সেন ওয়েঙ্গারের দল শনিবার ৩-০
গোলে হারিয়েছে সোয়ানসি সিটি-কে। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে গোলের গড়ে লিগ টেবিলের তিন নম্বরে রয়েছে আর্সেনাল। শনিবার ক্রিস্টাল প্যালেসের
বিরুদ্ধে শুরু থেকে নিষ্প্রভ ছিল ম্যান ইউ-এর আক্রমণভাগ। গোটা ম্যাচে ওয়েন রুনির একটি ফ্রি-কিক অল্পের জন্য গোলের বাইরে চলে যাওয়া
ছাড়া ম্যান ইউ ছিল অত্যন্ত সাধারণ। সুবিধা করতে পারেননি ফরাসি তারকা অ্যান্থনি মার্সিয়ালও। তবে ম্যান সিটি ছিল শুরু থেকে আক্রমণাত্মক।
দলের পক্ষে গোল করেছেন নিকোলা ওতামেন্দি এবং ইয়াইয়া তোরে। পরে অবশ্য তিনি পেনাল্টিও নষ্ট করেন। সোয়ানসি সিটিকে হারাতে অবশ্য বেগ
পেতে হয়নি আর্সেনালকে। অলিভিয়ের জিহু, কোসিয়েনি এবং হোয়াও ক্যাম্পবেল গোল করে দলের জয় নিশ্চিত করে দেন। 