বিদেশের মাটিতে শতরান ঋদ্ধির, খুশির হাওয়া শিলিগুড়ির বাড়িতে। দেখুন ভিডিও 
শিলিগুড়ির অগ্রগামী ক্লাব থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন ঋদ্ধিমান সাহা। শিলিগুড়ির শক্তিগড় সেই আদরের পাপালি বাংলার গণ্ডি ছাড়িয়ে জাতীয়
দলের প্রতিনিধিত্ব করেছেন অনেক দিন ধরেই। কিন্তু কাঙ্খিত শতরান আসছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বুধবার সেন্ট লুসিয়ায় ঋদ্ধি শতরান করার
পরে তাই শিলিগুড়ির শক্তিগড়ে ঋদ্ধিমানের পাড়ায় খুশির হাওয়া। সকাল থেকেই শুভেচ্ছা জানিয়ে অনেকেই ফোন করেছেন, মিষ্টি নিয়ে এসেছেন। পাড়ার ছেলেরা
প্রিয় পাপালির সমর্থনে বাড়ির সামনে জড়ো হয়েছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে বাংলার কোনও ক্রিকেটার ভারতের জার্সি গায়ে এত বড় সাফল্য পেলেন।
তাছাড়া শিলিগুড়ির থেকে কোনও ক্রিকেটার এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে এত বড় সাফল্য পেল। ফলে, গোটা শিলিগুড়ি যেন নিজেদের ছেলেকে নিয়ে
গর্বিত। ঋদ্ধিমানের বাবা প্রশান্ত সাহা রাজ্য সরকারের বিদ্যুৎ বিভাগের চাকরি থেকে অবসর নিয়েছেন। ঋদ্ধিও ছুটি পেলে এখনও শিলিগুড়ির বাড়িতে আসেন।
ঋদ্ধির মা-বাবা অবশ্য বরাবরই প্রচার বিমুখ। ছেলের এত বড় সাফল্যের পরেও সংবাদমাধ্যমের সামনে আসেননি তাঁরা। যদিও বাবা প্রশান্ত সাহা জানিয়েছেন,
বুধবার রাতেও ঋদ্ধি ফোন করেছিলেন। ধারাবাহিকভাবে ঋদ্ধি যাতে ভাল পারফরম্যান্স করেন, ছেলেকে সে কথাই বলেছেন বাবা। মনে করিয়ে দিয়েছেন, ধারাবাহিকতা
দেখাতে না পারলে জাতীয় দলে জায়গা ধরে রাখা কঠিন। ঋদ্ধির শতরানে তাঁরা খুশি ঠিকই, কিন্তু এখনই আবেগে ভেসে যেতে চান
না। কারণ, ঋদ্ধির মতো তাঁদেরও স্বপ্ন, ছেলেকে দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা। দেখুন ভিডিও ১ কী বলছেন ঋদ্ধির খুড়তুতো
ভাই অভিযান সাহা? দেখুন ভিডিও ২ 