উদ্বেগের খবরই ঠিক নয়, বলে দিয়ে সাইনার মুখে নতুন শুরু করার প্রতিজ্ঞা আর পথ্রনাও 
চোট নিয়ে উদ্বেগ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে অন্য সুর সাইনা নেহওয়ালের কথায়। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুশীলনের ফাঁকে 'এবেলা খেলা'র সঙ্গে
ফোনে কথা বলার সময় সাইনা জানিয়ে দিলেন বুধবার সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর উদ্বেগের খবর অতিরঞ্জিত করা হয়েছে। তিনি বললেন, রিও অলিম্পিক্স
থেকে ফিরে হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার পর আমার মনে হতো যে, খেলোয়াড় জীবন হয়তো এবার শেষ হয়ে যাবে। বুধবার আমি সেটাই
বলেছিলাম। সাইনা আরও বললেন, আরও শক্তিশালী হয়ে কোর্টে ফিরতে চাই। না হলে গত এক মাস ধরে প্রত্যেকদিন ছ'ঘণ্টা করে রিহ্যাব
করব কেন? চোটের জন্য ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে, বুধবার সাইনার এই মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাডমিন্টনমহল এবং তাঁর
অন্য ভক্তদের মনেও তৈরি হয়েছিল উদ্বেগ। টুইটারে সাইনাকে উৎসাহ দিয়ে তাঁর সমর্থকরা লিখেছেন, 'আমরা চাই আপনি আরও শক্তিশালী হয়ে কোর্টে
ফিরে আসুন'। ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে চিন ওপেন সুপার সিরিজ। সাইনা খেলবেন। তার পরের সপ্তাহে হং কং ওপেন সুপার
সিরিজেও তিনি নামবেন। সাইনার দাবি, আমি এখনই চ্যাম্পিয়ন হওয়ার আশা করছি না। দু'টো টুর্নামেন্টই আমার কাছে নিজেকে যাচাই করে নেওয়ার
পরীক্ষা। আমি বুঝব আমার হাঁটুর চোট কতটা সেরে উঠল। তাঁর কোচ বিমল কুমারও বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে ফোনে বললেন, সাইনা পঞ্চাশ
শতাংশ ফিট হয়েছে। এখনও অনুশীলনে ও অধিকাংশ সময় দিচ্ছে ফিটনেস ট্রেনিংয়ে। বিমল আরও জানালেন, কোর্টে সাইনার প্র্যাক্টিস এখন একজন শিক্ষার্থীর
মতো! তিনি অনুশীলন করছেন মূলত মুভমেন্টের। আর খেলার প্রাথমিক শটগুলো প্র্যাক্টিস করছেন। কোচের দাবি, এই অবস্থায় টুর্নামেন্টে নামার কথাই নয়
সাইনার। কিন্তু চিন আর হং কং ওপেনে নেমে ও দেখতে চায় রিহ্যাব করে হাঁটুটা কতটা ঠিক হল। সাইনা জানালেন, তাঁর
আসল লক্ষ্য আগামী বছর অল ইংল্যান্ড এবং বিশ্বচ্যাম্পিয়নশিপ। ৭ থেকে ১২ মার্চ বার্মিংহামে হবে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ। বিশ্বচ্যম্পিয়নশিপ হবে ২১
থেকে ২৭ অগস্ট। দু'টো টুর্নামেন্টেই গত বছর ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন স্পেনের ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে। বিমল বলছেন, এখন শুধু এই
দু'টো টুর্নামেন্টের প্রস্তুতির কথা ভাবা হচ্ছে। অল ইংল্যন্ডের আগে তিন মাস সময় পাওয়া যাবে। ততদিনে সাইনা সম্পূর্ণ ফিট হয়ে যাবে।
একইসঙ্গে বিমলের সংযোজন, সম্পূর্ণ ফিট হলে সাইনা শুধু পুরনো ফর্মেই ফিরবে না, অনায়াসে আরও পাঁচ বছর খেলে দেবে। ২৬ বছর
বয়সী সাইনার মাথায় এখন টোকিও অলিম্পিক্স নেই। তিনি শুধু অপেক্ষায় চিন ওপেন এবং হং কং ওপেনে তাঁর হাঁটুর জোর কতটা
ফিরল তা দেখে নেওয়ার জন্য। 