দুরন্ত ফর্মে আর্জেন্টিনা। বলিভিয়ার বিরুদ্ধে কেমন খেললেন মেসিরা? 
ব্রাজিল বিদায় নিয়েছে। কিন্তু কোপা আমেরিকায় আর্জেন্টিনার খেলা ফুটবলপ্রেমীদের মুখে ক্রমশই হাসি ফোটাচ্ছে। পানামাকে ৫-০ উড়িয়ে দেওয়ার পরে এদিন
বলিভিয়ার বিরুদ্ধেও সহজেই ৩-০ ব্যবধানে জিতলেন মেসিরা। তফাৎ বলতে পানামার বিরুদ্ধে মেসি মাঠে নামার পরে চার গোল করেছিল আর্জেন্টিনা। কিন্তু
এদিন এলএম ১০ মাঠে নামার আগেই তিন গোলে এগিয়ে ছিল নীল-সাদা ব্রিগেড। ১৩ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ফ্রিকিক
থেকে গোল করেন এরিক লামেলা। তিন মিনিট পরে আর্জেন্টিনাকে ফের এগিয়ে দেন লাভেজি। ৩৩ মিনিটে বলিভিয়ার জালে ফের বল জড়িয়ে
দেন কোয়েস্টা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসি মাঠে নামলেও আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। এলএম ১০ একবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গেলেও
অফ-সাইডের ফাঁদে পড়ে যান। চিলের বিরুদ্ধে প্রথম ম্যাচে এক গোল হজম করতে হলেও শেষ দু'ম্যাচে আর্জেন্টিনার রক্ষণও যথেষ্ট ভরসা দিয়েছে।
এদিন দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে না পারলেও দলের এই ফর্ম নিশ্চয়ই স্বস্তিতে রাখবে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোকে। শেষ দু'ম্যাচেই শুরু
থেকে খেলতে পারেননি ফুটবলের রাজপুত্র। নক আউট পর্বে মেসি শুরু থেকে মাঠে নামতে পারেন কি না, সেটাই দেখার। 