সাইনার সঙ্গে রিও'র আগেই হয়তো যোগ দিচ্ছেন ক্রীড়ামনোবিদ 
রবিবার হায়দরাবাদ থেকে ই-মেল সাক্ষাৎকারে বিশ্বের দু'নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় 'এবেলা খেলা'কে জানিয়েছেন, 'প্রকাশ স্যারের পরামর্শ অলিম্পিক্সের আগে অবশ্যই
বাস্তবায়িত করব।' সম্প্রতি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ বলেছিলেন, রিও অলিম্পিক্সে পদক নিশ্চিত করতে হলে সাইনার উচিত এখনই কোনও অভিজ্ঞ ক্রীড়ামনোবিদের
সহায়তা নেওয়া। ২৫ বছর বয়সী তারকা এখন হায়দরাবাদে। গত নভেম্বরে হং কং ওপেন গ্রঁ প্রিঁ-তে খেলতে গিয়ে তাঁর ডান পায়ের
গোড়ালিতে চোট লেগেছিল। তারপরও গোড়ালির চোট নিয়ে সাইনা চিন ওপেনের ফাইনালে লন্ডন অলিম্পিক্সে সোনাজয়ী লি জুয়েরুইয়ের কাছে হেরে যান। তখন
প্রশ্ন উঠেছিল, সাইনা কি চোকার্স? অল ইংল্যান্ড রানার্স সাইনা অবশ্য সমালোচনা থামিয়ে দিয়েছিলেন দুবাইয়ে ওয়ার্ল্ড সিরিজ ফাইনালসে দুরন্ত খেলে কারোলিনা
মারিনকে হারিয়ে। রবিবার ই-মেলে সাইনা জানিয়েছেন, 'হায়দরাবাদে আমার ডান পায়ের গোড়ালিতে সিটি স্ক্যান হয়েছে। ডাক্তাররা আমাকে বলেছেন চোটটা গুরুতর নয়।
প্রয়োজন বিশ্রামের আর ফিজিওথেরাপির। আমার দু'জন ফিজিও, কিরণ আর সিদ্ধার্থ এবং ফিটনেস ট্রেনার ডেকলিনের তত্ত্বাবধানে আমি এখন রিহ্যাব করছি। আশা
করছি দ্রুত সুস্থ হয়ে উঠব।' জানুয়ারি থেকে শুরু হওয়া প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে কি তিনি খেলতে পারবেন? সাইনা জানিয়েছেন, 'পিবিএল শুরু
হতে এখনও দু'সপ্তাহ বাকি। দেখা যাক।' রিও অলিম্পিক্সও শুরু হতে বাকি প্রায় সাত মাস। সাইনার মতে তার আগে পাঁচটা টুর্নামেন্ট
তিনি পাবেন যেগুলো হবে তাঁর অলিম্পিক্সের প্রস্তুতি। তিনি জানিয়েছেন, 'সৈয়দ মোদী গোল্ড কাপ, অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ, অস্ট্রেলিয়া ওপেন, ইন্দোনেশিয়া ওপেন
আর মালয়েশিয়া ওপেন - এই পাঁচটি টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।' এই প্রসঙ্গে রবিবার বেঙ্গালুরু থেকে সাইনার
কোচ বিমল কুমারও ফোনে বললেন, সাইনার প্রচণ্ড মনের জোর। না হলে দুবাইয়ে ওর্যাল্ড সিরিজ ফাইনালসে মারিনের বিরুদ্ধে গোড়ালির যন্ত্রণা নিয়ে
দ্বিতীয় গেমে হেরেও তৃতীয় গেমে জিততে পারত না। তবু, মনোবিদের প্রয়োজন হয়। বিশেষত, অলিম্পিক্সের মতো বড় ইভেন্টের আগে। তবে আমার
ধারণা, চোটমুক্ত হয়ে ফিরলে সাইনার খেলা আরও ধারাল হবে। সাইনাও আমাকে সেটাই বলেছে। তাই অলিম্পিক্সের মাস দু'য়েক আগে ক্রীড়ামনোবিদ রাখা
যেতে পারে। আগামী সপ্তাহ থেকে সাইনা ট্রেনিং শুরু করবেন বেঙ্গালুরুতে। সম্পূর্ণ চোটমুক্ত হয়ে। 