ভারতের হারের পরেই খারাপ খবর সাজঘরে, যত কাণ্ড মরু শহরে 
বাহরিনের কাছে হেরে ভারত ছিটকে গেল এএফসি এশিয়ান কাপ থেকে। সুনীল ছেত্রীদের কোচ স্টিভেন কনস্ট্যানটাইন কান্নায় ভেঙে পড়লেন সাংবাদিক
বৈঠকে। ভারতের বিদায়ের সঙ্গে সঙ্গে সুনীলদের 'হেডস্যর' স্টিভেন কনস্ট্যানটাইনও প্রাক্তন হয়ে গেলেন ভারতীয় ফুটবলে।পরাজয়ের পরে ভারতের কোচের চেয়ার থেকে সরে
দাঁড়ালেন ব্রিটিশ কোচ। পরের পর্বে পৌঁছতে হলে সোমবার কেবলমাত্র ড্র করলেই হতো ভারতকে। সেই জায়গায় ডিফেন্সিভ ফুটবল খেলে নিজেদের উপরে
চাপ বাড়াল 'নীল বাঘ' রা। ম্যাচের শেষে কনস্ট্যানটাইনের স্ট্র্যাটেজি নিয়ে উঠে গেল প্রশ্ন। আমিরশাহির বিরুদ্ধে ভারতের আক্রমণাত্মক ফুটবল মন জিতে
নিয়েছিল ফুটবলপাগলদের। এদিন ডিফেন্সিভ খেলতে গিয়েই স্বপ্ন ভেঙে গেল সুনীল ছেত্রীদের। হারের পরেই সাংবাদিক বৈঠকে কনস্ট্যানটাইন জানিয়ে দিলেন, অনেক হয়েছে।
আর নয়। এ যাত্রায় ২০১৫ সালে ভারতের দায়িত্ব নিয়েছিলেন কনস্ট্যানটাইন। তারও আগে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত জাতীয় দলের রিমোট কন্ট্রোল
ছিল সাহেব কোচের হাতে। এএফসি এশিয়ান কাপে ব্যর্থ হতেই নিজে থেকে সরে গেলেন। 