ভবিষ্যৎ নিয়ে জল্পনা, দিয়েগো বলে দিচ্ছেন মেসি-হীন আর্জেন্তিনা খুব সাধারণ একটা দল 
লিওনেল মেসিকে কি আর নীল-সাদা জার্সিতে দেখা যাবে? ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে আর্জেন্তিনার বিদায়ের পর এই জল্পনাতেই সরগরম
সে দেশের ফুটবলমহল। যদিও মেসির পাশেই দাঁড়াচ্ছেন দিয়েগো মারাদোনা। শনিবার কাজানের গ্যালারিতে ছিলেন মারাদোনা। তিনি বলেছেন, এই বিদায় আগে থেকেই
ঘোষিত হয়েছিল। মেসি ছাড়া আমরা খুব সাধারণ একটা দল। হতাশ মারাদোনা আরও বলেছেন, আর একটা বিশ্বকাপ চলে গেল আর আমাদের
হাতে কিছুই রইল না। দেখে খারাপ লাগছে একটা করে বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে অথচ একটা ধারাবাহিক দল তৈরি করা যাচ্ছে
না। প্রাক্তন ফরওয়ার্ড স্যাভিওলা বলেছেন, একজন ফুটবলারকে দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। রবিবার সকালেই রাশিয়া ছেড়ে গিয়েছেন মেসি। তাঁর সঙ্গেই
শিবির ছেড়ে গিয়েছেন হাভিয়ার মাসচেরানো, মার্কোস রোহো, গন্সালো ইগুয়াইন, এভার বানেগা'রা। ডিফেন্ডার এদুয়ার্দো সালভিও বলেছেন, যা প্রত্যাশা ছিল, তা পূরণ
করতে পারিনি। আমরা দুঃখিত। মাসচেরানো অবসর ঘোষণা করেছেন। মেসিও সেরকম কোনও পদক্ষেপ করেন কি না, তা নিয়ে জল্পনা চলছে। সেপ্টেম্বরে
গুয়াতেমালা ও কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্তিনা। বিশ্বকাপের দলের অনেক ফুটবলারকেই হয়তো সেই ম্যাচে দেখা যাবে না। নীল-সাদা ব্রিগেডের
সামনে পরের বড় টুর্নামেন্ট বলতে আগামী বছর (জুন ১৭-জুলাই ৭) ব্রাজিলে কোপা আমেরিকা। তার আগেই দল পুনর্গঠনের কাজ শুরু করার
দাবি তুলেছেন মারাদোনা, স্যাভিওলার মতো প্রাক্তনীরা। 