শ্রীলঙ্কার বাগানে 'সবুজ' বিরাট-অনুষ্কা, জল ঘাঁটলেন, কাদা মাখলেন 
টেস্ট সিরিজে লঙ্কাবাহিনীকে মাটি ছোঁয়ানোর পর আপাতত শ্রীলঙ্কায় একদিনের সিরিজ খেলতে ব্যস্ত ভারত। সিরিজের প্রথম ম্যাচের আগে বেশ খোশমেজাজেই
দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কিছুটা সময় কাটালেন বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে। সেই বিশেষ মুহূর্তের ছবিও তিনি পোস্ট করেছেন
ইনস্টাগ্রামে। এমনিতেই বিরাট-অনুষ্কা কেমিস্ট্রি নিয়ে ভক্তরা সদা উৎসুক। এর উপর বিরুষ্কা একত্রে সময় কাটাচ্ছেন, সেই খবর পেলে কি আর তাঁরা
চুপ থাকে! বিরাটের পোস্ট করা ছবি নিমেষেই ভাইরাল হয়ে যায়। অবশ্য এর কারণ শুধু সোশ্যাল মিডিয়ায় বিরুষ্কার জনপ্রিয়তাই নয়, বিরাটের
পোস্ট করা ছবি এক গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। কী দেখা যাচ্ছে ছবিতে ? ছবিতে দেখা যাচ্ছে দু'জনে মিলে বাগানে গাছের
পরিচর্যা করছেন। হাতে জলের পাত্র, খুরপি। যে পরিবেশের কল্যাণে আমাদের বেঁচে থাকা, চরম ব্যস্ততার মধ্যেও তার জন্য কিছুটা সময় যে
দেওয়া উচিত, সে কথাই সম্ভবত মনে করিয়ে দিলেন বিরাট। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করার পর ভক্তদের অনেকেই বিরুষ্কার এই উদ্যোগকে
সাধুবাদ দিয়েছেন। 