রিয়ালকে পিছনে ফেলে পোগবাকে ৭৫৮ কোটির প্রস্তাব ম্যান ইউ'এর 
তাঁকে নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে দুই বিত্তশালী ক্লাবের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত পল পোগবা খেলবেন কোন দলের
জার্সিতে? ২৩ বছরের ফরাসি তারকাকে পাওয়ার দৌড়ে প্রথম রাউন্ডে রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পোগবার পুরনো ক্লাব য়ুভেন্তাসের
সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ৮৬ মিলিয়ন পাউন্ডের (ভারতীয় মুদ্রায় ৭৫৮ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও
পোগবাকে কোনও অবস্থায় বিক্রি করা হবে না বলে আগের অবস্থানেই অনড় রয়েছে য়ুভেন্তাস। কিন্তু পোগবার এজেন্ত মিনো রাইওলা যা ইঙ্গিত
দিয়েছেন, তাতে আগামী মরসুমে ফরাসি তারকার য়ুভেন্তাস ছাড়া এখন সময়ের অপেক্ষা। এবং ইতালি ছাড়লে পোগবার পরের স্টেশন যে ম্যান ইউ
হতে চলেছে, সেই আভাসও রাইওলা দিয়েছেন। ফলে পোগবা সম্পর্কে ম্যান ইউ কর্তাদের অনেকটাই নিশ্চিত দেখাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পোগবা নিজেও
ম্যান ইউয়ে খেলার আগ্রহ দেখিয়েছিলেন। তাঁর মন্তব্য ছিল, ম্যান ইউ আমার প্রথম পরিবার। জোসে মোরিনহো যদি আমাকে চান, তবে অবশ্যই
ভেবে দেখতে হবে।' 