লাজং- আতঙ্ক কাটাতে দ্রুত গোল পাওয়ার রাস্তা খুঁজছেন মর্গ্যান 
ব্যবধান মাত্র সাত দিনের। শিলংয়ে লাজং এফসি-র বিরুদ্ধে জোড়া হার অগ্নিপরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস
মর্গ্যানকে। বুধবার বারাসত স্টেডিয়ামে পেন ওরজিদের বিরুদ্ধে নামার আগে কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে গোটা লাল-হলুদ শিবির। অঙ্ক বলছে, সেমিফাইনালে
পৌঁছে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। ১-০ গোলে ম্যাচ জিতলেই ফেডারেশন কাপের শেষ চারে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল। তবে গোল হজম
করলে আবার অন্য শর্ত। তখন শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে গোলপার্থক্যের দিকে। কিন্তু ম্যাচ ড্র হলে? ইস্টবেঙ্গলের বিদায়
নিশ্চিত এবং লাল-হলুদে ট্রেভর জেমস মর্গ্যানের ভবিষ্যত নিয়েও একগুচ্ছ অপ্রিয় প্রশ্নের আগমন হতে পারে ক্লাব কর্তাদের মনে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে
কী বলছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ? লাজং এফসি-র সামনে পড়লেই কেন বারবার অসহায় আত্মসমর্পণ? ভুলভুলাইয়া থেকে বেরিয়ে আসার উপায় কী? মর্গ্যানের
ছোট্ট উত্তর-একটাই উপায়, সেটা হল ম্যাচ জেতা। কিন্তু দলের সাম্প্রতিক যা পারফরম্যান্স তাতে লাজং-বধ সম্ভব? বিব্রত মর্গ্যান বলে দিলেন, অবশ্যই
সম্ভব। জয়ের রাস্তায় ফেরার জন্য সবাই মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু শিলংয়ে হেরে ফেরার পর দেখতে পাচ্ছি গেল-গেল রব উঠছে।
তাতে চাপ আরও বেড়ে যাবে। বুধবার বারাসতে দ্রুত সেই চাপ কাটাতে শুরুতেই একটা গোল তুলে নিতে চান মর্গ্যান। প্র্যাক্টিসে ইঙ্গিত,
১৮ জনের দলে ফিরতে চলেছেন বার্নাড মেন্দি ও জোয়াকিম আব্রাঞ্চেস। বদল আসতে পারে প্রথম দলেও। আই লিগে শিলিগুড়ির ফিরতি ডার্বির
পর জয়ের মুখ দেখেননি র্যান্টি মার্টিন্স, দো দং হিউনরা। পারফরম্যান্স গ্রাফ তলানিতে পৌঁছেছে। আত্মবিশ্বাসে কোথাও যেন ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।
অনেকেই বলছেন, কোচ বদলের পর মর্গ্যানের স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ফুটবলাররা। তবে কোরিয়ান ফুটবলার দং সেই সম্ভাবনা উড়িয়ে
দিলেন। বললেন, পেশাদার ফুটবলারদের সব কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। যে করে হোক ম্যাচ জিততেই হবে। মঙ্গলবার প্র্যাক্টিসে দংয়ের সঙ্গে
আলাদা কথা বলেন নাইজিরীয় গোলমেশিন র্যান্টি মার্টিন্স। শিলংয়ে আগের ম্যাচে গোল করলেও মোটেও ছন্দে ছিলেন না দং। বিরতির পরে বসিয়েও
দিতে হয় তাঁকে। অনুমান করা যাচ্ছে লাজং এফসি-র বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে দংকে উদ্দীপ্ত করতেই উদ্যোগী হলেন র্যান্টি। লাল-হলুদের প্রতিপক্ষ
অবশ্য কলকাতার আবহাওয়া নিয়েই বেশি ভাবিত। মঙ্গলবার বিকেলে ইস্টবেঙ্গল মাঠে প্র্যাক্টিসের পর লাজং কোচ থাংবই সিংথো বললেন, এত গরমে ভাল
ফুটবল সম্ভব নয়। কিন্তু আপনার দল তো ইস্টবেঙ্গলের আতঙ্ক হয়ে উঠেছে? ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে মাঠ ছাড়লেন লাজং এফসি
কোচ। মর্গ্যান না সিংথো, বুধবার বিকেলের পরে কে চওড়া হাসি হাসেন সেটাই দেখার। 