বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট তাঁর প্রথম কোচকে কী উপহার দিয়েছিলেন? 
বয়স মাত্র ২৭ বছর। এর মধ্যেই আপামর ক্রিকেট দুনিয়া তাঁকে এক ডাকে চেনে। বর্তমানে ভারতীয় দলে 'রান মেশিন' নামে
জনপ্রিয় এই ব্যাটসম্যন কে, তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তিনি বিরাট কোহলি। খারাপ-ভালো - দু'সময়েই দলকে ভরসা যোগাতে
তাঁর জুড়ি মেলা ভার। শোনা যায়, প্রচণ্ড আবেগপ্রবণ এই ব্যাটসম্যান জীবনে যা করেন, মন থেকে করেন। তেমনই এক ঘটনা শোনা
গিয়েছে সম্প্রতি। প্রথম কোচের প্রতি সম্মান জানাতে একটি বিশেষ জিনিস তিনি উপহার হিসেবে দিয়েছিলেন। ২০১৪ সালের শিক্ষকদিবসে সেই উপহার পেয়ে
চমকে গিয়েছিলেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। এক জনপ্রিয় ক্রীড়া সাংবাদিকের লেখা বইতে সদ্য প্রকাশ পেয়েছে ঘটনাটি। ঘটনার কিছুটা জানা
যাক রাজকুমার শর্মার কথাতেই। তিনি বলেছেন, 'আমি হঠাৎ কলিং বেলের আওয়াজ পাই । দরজা খুলে দেখি, বাইরে বিকাশ দাঁড়িয়ে রয়েছে
(বিরাট কোহলির দাদা)।' বিকাশ ঘরে ঢুকে প্রথমেই বিরাটের নম্বর ডায়াল করেন ফোনে। তারপর ফোনটি দেন রাজ কুমার শর্মার হাতে। ফোন
হাতে নিয়েই রাজকুমার ও-প্রান্ত থেকে শুনতে পান বিরাটের গলা - 'হ্যাপি টিচারস ডে স্যার।' এরপরই বিকাশ রাজকুমারের হাতে একটি চাবির
থোকা দেন। রাজকুমারের হতভম্ব ভাব কাটাতে বিকাশ তাঁকে বাড়ির বাইরে বেরনোর জন্য অনুরোধ করেন। বাইরে বেরিয়ে তিনি দেখেন, একটি স্কোডা
র্যাপিড গাড়ি বাড়ির সামনে পার্ক করা। উপহারটি যে বিরাটই পাঠিয়েছেন, তা বুঝতে অসুবিধে হয় না তাঁর। এ হেন উপহার পেয়ে
অভিভূত হয়ে পড়েন কোচ রাজকুমার শর্মা। বিরাটের দেওয়া এই উপহারের মূল্য আর্থিক দিক থেকে বিচার করা গেলেও ভালবাসার দিক থেকে
যে তা অমূল্য, তা বলাই বাহুল্য। খুব অল্প বয়স থেকে কোচ রাজকুমার শর্মার প্রশিক্ষণে বেড়ে ওঠেন কোহলি। বিরাটের সাফল্যের পিছনে
কোচের অবদান যে প্রচুর, তা তিনি নিজেও মানেন। 