রুনিদের জয়ের দিনে রণক্ষেত্র ওয়েম্বলি, আট গোল জার্মানির 
প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির ৯৮ বছর পূর্তির দিনেই উত্তপ্ত ফুটবল দুনিয়া। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে রক্তাক্ত
হল ওয়েম্বলি স্টেডিয়াম। ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড দ্বৈরথকে কেন্দ্র করে এমনিতেই উত্তপ্ত হয়ে উঠেছিল লন্ডনের আবহ। দেশকে সমর্থন করতে প্রায় ১৪
হাজার স্কটিশ সমর্থক এসেছিলেন লন্ডনে। ম্যাচের আগেই ট্রাফালগার স্কোয়্যার থেকে নিরাপত্তারক্ষীরা দু'জনকে গ্রেফতার করেন। কিন্তু তাতেও সংঘর্ষ থামানো যায়নি। খেলা
চলাকালীন গ্যালারিতে মারাত্মকভাবে চোখে আঘাত পান ইংল্যান্ডের এক দর্শক। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, নিজেদের মধ্যে বিবাদের জেরেই আহত হয়েছেন ইংল্যান্ডের ওই
সমর্থক। তবে গ্যালারিতে উত্তেজনা ছড়ালেও স্কটল্যান্ডের বিরুদ্ধে সহজেই ৩-০ গোলে জিতল ইংল্যান্ড। একটি করে গোল করেন ড্যানিয়েল স্টারিজ, অ্যাডাম লালানা
ও গ্যারি ক্যাহিল। ওয়েন রুনি গোল করতে না পারলেও ইংল্যান্ড সমর্থকদের বিদ্রুপের শিকার হননি। ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক অন্তর্বর্তীকালীন ম্যানেজার
গ্যারেথ সাউথগেটের সমর্থনে সোচ্চার হয়েছেন। রুনি বলেছেন, সাউথগেটকেই পুরো সময়ের জন্য দায়িত্ব দেওয়া উচিত। এই মুহূর্তে উনিই সকলের চেয়ে এগিয়ে।
