স্বজনবিয়োগ অশ্বিনের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেকে কি মেলে ধরতে পারবেন তিনি 
চ্যাম্পিয়ন্স ট্রফির বল এখনও গড়ায়নি। প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করেছে বিরাট কোহলির দল। এর মধ্যেই ভারতের অন্যতম ম্যাচ
উইনার রবিচন্দ্রন অশ্বিনের মাথায় বাজ ভেঙে পড়ল। হৃদয়বিদারক খবরটি পেয়ে মুষড়ে পড়েছেন ভারতের এই অফস্পিনার। খবর এসেছে, অশ্বিনের দাদু মারা
গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২। বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন অশ্বিনের দাদু এম নারায়ণস্বামী। ভারতীয় দলের চ্যাম্পিয়ন এই অফস্পিনারের বাবা জানিয়েছেন,
অশ্বিনের জীবনে তাঁর দাদুর বড় ভূমিকা ছিল। দাদুর পারলৌকিক কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অশ্বিনের বাবা। সাদার্ন রেলওয়েতে কাজ করেছেন
অশ্বিনের দাদু। তিনি ক্রিকেটরসিক একজন মানুষ ছিলেন। অশ্বিনের ক্রিকেটার হয়ে ওঠার পিছনে তাঁর অবদান ছিল অনেক। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ডের
বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অশ্বিন ৬ ওভার হাত ঘুরিয়েছেন। একটি উইকেটও নিয়েছেন তিনি। উল্লেখ্য, চোটের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নামতেই পারেননি
ভারতের এই অফ স্পিনার। এখন অবশ্য চোট সারিয়ে ফিরে এসেছেন জাতীয় দলে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ভাল কিছু করতে হলে অশ্বিনকেও
জ্বলে উঠতে হবে। টুর্নামেন্ট শুরুর আগেই পারিবারিক বিপর্যয়ের খবরটি পেযেছেন অশ্বিন। মন ঠিক রেখে আসন্ন টুর্নামেন্টে নিজেকে কতটা মেলে ধরতে
পারেন এই অফস্পিনার, সেটাই এখন দেখার। 