সম্রাট অশোক থেকে শুরু, এবার বুদ্ধের খোঁজে শ্রীলঙ্কা যাত্রা মোদীর 
বৌদ্ধ ধর্মের শুরুটা হয়েছিল এই ভারতের মাটিতেই। কিন্তু, মাঝে অন্যান্য ধর্মের ছায়ায় মূল ভূখণ্ড থেকে হারিয়ে যায় এই ধর্ম।
পরবর্তী কালে, সম্রাট অশোকের রাজত্বকালে এই ধর্ম আবারও পরিচিতি পেতে শুরু করে। অশোক তাঁর ছেলে মহেন্দ্র ও মেয়ে সঙ্ঘমিত্রাকে ধর্মপ্রচারের
কাজে পাঠিয়ে দেন শ্রীলঙ্কায়। আগামিকাল ১০ মে বুদ্ধ পূর্ণিমা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ মে প্রতিবেশী দেশে যাবেন বৌদ্ধ অনুষ্ঠান
'ভেসাক দিবস' উদ্যাপন করতে। 'আন্তর্জাতিক ভেসাক দিবস' পালন করা হবে ১২ থেকে ১৪ মে পর্যন্ত। দেশের রাজধানী কলম্বোতে এই 'বৌদ্ধ
সম্মেলন'-এ যোগ দিতে উপস্থিত থাকবেন ১০০-রও বেশি দেশের ৪০০-রও বেশি ডেলিগেট। সম্পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কলম্বোর ডিকোয়া পর্বতাঞ্চলে। এবং
এই জায়গা নিয়েই বিড়ম্বনায় পড়েছেন সে দেশের কর্মকর্তারা। সর্বভারতীয় এক ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, এই অঞ্চলে প্রচুর বড় বড় গাছ
রয়েছে যাতে রয়েছে প্রচুর বোলতার বাসা। প্রধানমন্ত্রী মোদীর সিকিউরিটি সে দেশের পুলিশের সঙ্গে কথা বলেছে এই বোলতার চাক নিয়ে। ডেলিগেট-দের
হেলিকপ্টারের হাওয়া 'তাদের' বিরক্তির কারণ হতে পারে এবং তার ফল যে খুব একটা সুখকর হবে না, তা ভাল মতোই জানেন
সকলে। জানা গিয়েছে, নরেন্দ্র মোদী সেখানে একটি হাসপাতাল উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুজনেই। 