পার্লামেন্টে অংশ নিতে পারেন আপনিও, বছর শেষে ঘোষণা মোদীর 
২০১৭ সালের শেষ দিনে দেশের যুবকদের প্রতি নতুন আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ ডিসেম্বর রবিবার হওয়ায় এবারে বছরের
শেষ দিনটায় নতুন প্রাপ্তি হল দেশের। প্রধানমন্ত্রীর রবিবাসরীয় 'মন কি বাত'। সারা বছর অনেক ঘোষণা করেছেন মোদী তাঁর 'মন কি
বাত' অনুষ্ঠানে। এদিন জানালেন, ২০১৮ সালের স্বাধীনতা দিবসের সময়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বসবে নকল সংসদের (মক পার্লামেন্ট) অধিবেশন। আর তাতে অংশ
নিতে পারবেন যুবকরা। সেখানে দেশের প্রতি জেলা থাকে এক জন করে প্রতিনিধি যোগ দেবেন। সকলেই পাবেন বক্তব্য রাখার সুযোগ। বিষয়
একটাই - 'আগামী পাঁচ বছরে কোন পথে নতুন ভারত গড়া যায়'। কারা নকল সংসদের সাংসদ হওয়ার সুযোগ পাবেন? প্রধানমন্ত্রী জানিয়েছেন,
অগস্টের আগেই দেশের সব জেলায় হবে প্রতিযোগিতা। সর্বত্র নকল সংসদের অধিবেশন হবে। সেখানে সেরা বক্তাদের নির্বাচিত করা হবে। তাঁরাই আসবেন
দিল্লির অধিবেশনে। এদিন যুব সমাজকে ভোটার তালিকায় নাম তোলার জন্যও আর্জি জানান প্রধামন্ত্রী। তিনি বলেন, ১৮ বছর পার করার সঙ্গে
সঙ্গেই ভোটার তালিকায় নাম নথিভূক্ত করা দরকার। নতুন প্রজন্মই নতুন ভারত গড়বে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, একবিংশ শতাদ্বীতে
জন্ম নিয়েছেন যাঁরা, এবার তাঁরা ভোটার হবেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় গণতন্ত্র একবিংশ শতাদ্বীর ভোটারদের স্বাগত জানাচ্ছে। 