আবার বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্র, সাধরণের বেতনেও চলবে নজরদারি 
নগদহীন লেনদেনের লক্ষ্যে এবার আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। কর্মীদের আর নগদে বেতন দেওয়া যাবে না। চেক বা
ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে বেতন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোটবাতিলের পরেই জানা গিয়েছিল, নগদহীন লেনদেনকে
উৎসাহিত করতে আরও নানা সিদ্ধান্ত নেবে মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে যে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত হতে পারে সেটাও জানা
ছিল। সেই মতো এদিন মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের নগদে বেতন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির অর্ডিন্যান্সে সিলমোহর দেওয়া হয়েছে। এর ফলে চেকে
বা সরাসরি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন দিতে হবে। উল্লেখ্য, এ সংক্রান্ত বিল গত ১৫ ডিসেম্বর লোকসভায় পেশ করা হয়। এই
বিল আগামী বাজেট অধিবেশনে পাস করানো হতে পারে। অর্থাৎ বিল পাস করাতে এখনও দু'মাস সময় লেগে যাবে। তাই এ বিষয়ে
এখন অর্ডিন্যান্স জারি করা হল। পরে তা সংসদে পাস করানো হবে। নিয়ম অনুযায়ী, অর্ডিন্যান্স ছ'মাসের জন্য বৈধ থাকে। এর মধ্যে
তা সংসদে অনুমোদন করতে হয়। বেতন প্রদান (সংশোধনী) বিল ২০১৬-তে মূল আইনের ৬ নম্বর ধারায় সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যাতে
নিয়োগকারী কর্মচারীদের বেতন চেক বা ইলেকট্রনিক পদ্ধতিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারেন। 