শিল্পোদ্যোগ নিয়ে নমো'কে কটাক্ষ রাহুলের 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (নমো) মুম্বইয়ের ধারাভি পরিদর্শনের পরামর্শ দিলেন কংগ্রেসের সহ-সভারপতি রাহুল গাঁধী। 'স্টার্ট আপ ইন্ডিয়া' কর্মসূচি সূচনার দিনই
শিল্পোদ্যোগ নিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। মুম্বই সফররত রাহুলে তির্যক মন্তব্য, প্রথমে মেক ইন ধারাভি করুন। তাহলেই মেক ইন ইন্ডিয়া
সফল হবে। রাহুলের মতে, ধারাভিতে অসংখ্য ক্ষুদ্র শিল্প রয়েছে। মোদী ধারাভিতে গিয়ে দেখুন কীভাবে সেখানে ক্ষুদ্র শিল্পের কর্মকাণ্ড চলছে। প্রধানমন্ত্রীর
শিল্পোদ্যোগেরও সমালোচনা করেছেন রাহুল। তাঁর কথায়, মোদী সরকারের নীতির জন্য কয়েকজন শীর্ষস্তরের শিল্পকর্তা মেক ইন ইন্ডিয়ার সুবিধা নিচ্ছেন। যখন আমাদের
(ইউপিএ সরকার) ছিল তখন আমরা সাধারণ মানুষের উন্নতির চেষ্টা করেছিলাম। প্রধানমন্ত্রীর 'স্টার্ট আপ ইন্ডিয়া' কর্মসূচি প্রসঙ্গে অসহিষ্ণুতার বিষয়টিও টেনে এনেছেন
রাহুল। তাঁর কথায়, আরএসএসের বিশ্বদর্শনের একটা নির্দিষ্ট ভঙ্গি রয়েছে। ভারত সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, আমার মতে তা অত্যন্ত সংকীর্ণ। দেশের
প্রয়োজন নমনীয়তা, স্বচ্ছতা এবং স্বাধীন চিন্তার প্রসার। আমি স্টার্ট আপ'ও চাই, আবার অসহিষ্ণুও হবো, এই ভাবনার মধ্যে বৈপরীত্য রয়েছে। অসহিষ্ণুতা
নিয়ে মুম্বইয়ের এক কলেজের পড়ুয়াদের রাহুল বলেন, ব্যক্তি, বস্তু বা শিল্পের উপরে তকমা দেওয়া উচিত নয়। ইনি হিন্দু, উনি মুসলমান,
তিনি মহিলা... এসব বলার অর্থ মূল্যবোধকে ঢেকে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যের জেরেই অভিনেতা আমির খানকে 'ইনক্রেডিবল
ইন্ডিয়া'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরতে হয়েছে। সম্ভবত রাহুল সে দিকেই ইঙ্গিত করেছেন। পণ্য ও পরিষেবা কর (জিএসটি) বিল কংগ্রেসের
অবস্থান যে বদল হয়নি, তা আজ ফের স্পষ্ট করে দিয়েছেন রাহুল। কংগ্রেসের সহ-সভাপতি বলেন, সরকার যেদিন আমাদের দাবিগুলি মেনে নেবে,
সেদিনই জিএসটি বিল পাশ হবে। ওই বিল পাশ হতে মাত্র ১৫ মিনিট সময় লাগবে। প্রসঙ্গত, নয়ডায় গত ৩১ ডিসেম্বর কংগ্রেস
নেতৃত্বের উদ্দেশে প্রধানমন্ত্রীর কটাক্ষ করেছিলেন, নতুন বছরে শপথ নিন সুষ্ঠুভাবে সংসদ চলতে দেবেন। দেশের উন্নয়নে বাধা দেবেন না। 