ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে পুড়িয়ে দিল মেয়ে, ভারতে বেনজির ঘটনা 
ভারতে বেনজির ঘটনা। ধর্ষণ থেকে বাঁচতে নিজেকে পুড়িয়ে দিল এক মেয়ে। মাত্র ১৩ বছরের মেয়ে। একলা পেয়ে ধর্ষণ করতে
এসেছিল ওর থেকে বয়সে অনেক বড় যুবক। রক্ষা পেতে মৃত্যুকেই পথ হিসেবে বেছে নিল মেয়ে। না, মৃত্যু হয়নি তার। ৫০
শতাংশ দাহ নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মধ্যপ্রদেশের এক হাসপাতালে। রাজ্যের রাজগড় জেলার এই ঘটনায় তদন্তে নেমে ওই যুবককে গ্রেফতারও
করেছে পুলিশ। রাজধানী ভোপাল থেকে ১১৫ কিমি দূরে সুস্তানি গ্রামের মেয়েটি আক্রান্ত হয় গত শনিবার। বাড়িতে ঢুকে আসে ওই যুবক।
আচমকাই এগিয়ে আসে। নিশ্চিত ধর্ষণের শিকার হবে বুঝতে পেরেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, শনিবার এই
ঘটনার পরে বেপাত্তা হয়ে যায় ওই যুবক। রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটি অগ্নিদগ্ধ হয়ে রাজগড় জেলা হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা
জানিয়েছেন অবস্থা বেশ সঙ্কটজনক। 