ফের ছাত্রীকে গণধর্ষণ। কেরলের তরুণী খুনে এখনও অধরা অভিযুক্ত 
কেরলের পেরামবাভুরে দলিত তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর ফের সে রাজ্যে গণধর্ষিত হলেন এক দলিত ছাত্রী।
গতকাল তিরুঅনন্তপুরমের কাছে বর্কেলা এলাকায় বিএসসি নার্সিংয়ের ওই ছাত্রীকে ধর্ষণ করে এক অটোচালক এবং তার দুই সঙ্গী। নির্যাতিতা তিরুঅনন্তপুরম সরকারি
মেডিক্যাল কলেজের আইসিইউয়ে ভর্তি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সূত্রের খবর, ওই অটোচালক তরুণীটির
মুখচেনা। তিনি অটোয় ওঠার পর চালকের দুই বন্ধুও অটোতে ওঠে। তরুণী পুলিশকে জানিয়েছেন, নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ
করে তিনজন। তারপর সেখানেই তাঁকে ফেলে পালায়। ছাত্রীটির কান্না শুনতে পেয়ে কয়েকজন তাঁকে উদ্ধার করেন। ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণ প্রমাণিত হয়েছে
বলে জানিয়েছেন তদন্তকারীরা। নার্সিংয়ের ছাত্রীকে ধর্ষণে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ বিক্ষোভ দেখায় কেরলের সরকারি নার্সদের সংগঠন। কেরলে পরপর দু'টি ধর্ষণের
ঘটনা নিয়ে আলোচনা হয় রাজ্যসভাতেও। সিপিআই সাংসদ সি পি নারায়ণন রাজ্যসভার জিরো আওয়ারে বিষয়টি উল্লেখ করে জানান, অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে
পুলিশ যথেষ্ট সক্রিয় নয়। ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনও মন্তব্য করেন, এটি জঘন্য অপরাধ। প্রত্যেক কেরলবাসীর জন্য লজ্জার। সাংসদদের মিলিত
দাবির উত্তরে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচারমন্ত্রী থাবর চন্দ্র গহলৌত জানান, আগামিকাল তিনি পেরামবাভুরে নিহত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করবেন। নির্যাতিতা সত্যিই
দলিত কি না, তা-ও খতিয়ে দেখবেন তিনি। সেক্ষেত্রে বিশেষ আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। ডিওয়াইএফআই কর্মীদের বিক্ষোভের মধ্যে
কেরলের মুখ্যমন্ত্রী উম্মেন চান্ডি আজ পেরামবাভুরে ধর্ষিতা তরুণীর মায়ের সঙ্গে দেখা করেন। রাজ্য সরকার জানিয়েছে, সরকারি চাকরি দেওয়া হবে নিহত
তরুণীর বোনকে। তাঁর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও আজ ঘোষণা করা হয়েছে। পরে তরুণীর মায়ের সঙ্গে দেখা করেন
কেরলের বিরোধী দলনেতা ভি এস অচ্যুতানন্দনও। প্রসঙ্গত, কেরলে আগামী ১৬ মে বিধানসভা নির্বাচন। পেরামবাভুরের ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত তিনজনকে
আটক করেছে পুলিশ। আজই এক সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করা হয়েছে। তবে স্কেচটি আটক তিনজনের মধ্যে কারও কি না, তা স্পষ্ট
নয়। স্থানীয় সূত্রের খবর, কন্নুর থেকে আটক এক সন্দেহভাজনের সঙ্গে ওই স্কেচের মিল রয়েছে। তরুণীর দেহের ময়নাতদন্তে ধর্ষণ এবং নৃশংস
অত্যাচারের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। 