কাশ্মীরে সেনাছাউনিতে জঙ্গিহানা, হত ৩ জঙ্গি, ১ জওয়ান 
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার খুব কাছে একটি সেনাছাউনিতে হামলা চালাল জঙ্গিরা। বুধবার সকালে জঙ্গিদের এই আচমকা হামলায় একজন জওয়ান মারা গিয়েছেন।
চারজন আহতের মধ্যে একজন কর্নেল রয়েছে বলে খবর। তাংধার সেক্টরে ছাউনিতে এদিন সকালে হামলা চালানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জঙ্গিদের
কাছে গ্রেনেড এবং মাঝারি ও ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে। প্রাথমিক ধাক্কা সামলে পালটা জবাব দিতে শুরু করেছেন জওয়ানরা। অন্তত সাতজন জঙ্গি
রয়েছে বলে মনে করা হচ্ছে। বেলার দিকে তিন জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সেনাবাহিনীর তরফে। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন,
জঙ্গিদের ছোড়া গ্রেনেডে ক্যাম্পের ক্ষতি হয়েছে। সেনাবাহিনীর তেলের ডিপোয় আগুন লেগে গিয়েছে বলে একটি সূত্রের দাবি। সকাল সাড়ে সাতটা নাগাদ
ছাউনির ঠিক উপরে পাহাড়ের খাঁজ থেকে জনাচারেক জঙ্গি গ্রেনেড ছুড়তে শুরু করে। এই সেনাছাউনিতে ৮০ জনের মতো জওয়ান রয়েছেন। কুপওয়ারা
জেলার তাংধার সেক্টর একসময়ে জঙ্গিদের অনুপ্রবেশের রুট ছিল। মাঝে সেখান থেকে জঙ্গিদের এ দেশে ঢোকা বন্ধ হয়ে যায়। ফের সেই
পথেই অনুপ্রবেশ শুরু হল কি না, সে প্রশ্নের উত্তরে এখনও সেনাবাহিনীর তরফে কিছু বলা হয়নি। 