পলিটিক্যাল সায়েন্সে রান্নাবান্না পড়ানো হয়! কে বললেন? 
নাম রুবি রায়। তিনি বিহারের ইন্টারমিডিয়েট স্কুল এগজামিনেশনে টপ করেছেন। ৫০০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছেন ৪৪৪ নম্বর। কিন্তু এই
টপারের সাধারণ জ্ঞানের বহর দেখলে চোখ কপালে উঠবে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে একটি সংবাদমাধ্যমের প্রতিনিধ রুবিকে জিজ্ঞাসা
করেন যে পলিটিক্যাল সায়েন্সে কী পড়ানো হয়। রুবির চটজলদি উত্তর, 'রান্নাবান্না সংক্রান্ত কিছু হবে।' শুধু তাই নয় পলিটিক্যাল সায়েন্স ঠিকঠাক
উচ্চারণও করতে পারেননি তিনি, বলেছেন 'পলিডেকাল সায়েন্স'। জানা গিয়েছে রুবি নাকি কেমিস্ট্রিতে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাঁর বোর্ডে। এই জেনে সাংবাদিক
তাঁকে জিজ্ঞাসা করেন পিরিয়ডিক টেবিলে সবচেয়ে রিঅ্যাক্টিভ এলিমেন্ট কোনটি। সেই উত্তরটিও নাকি ভুল দিয়েছেন রুবি। পিরিয়ডিক টেবিলে ফ্লুয়োরিন হল সবচেয়ে
রিঅ্যাক্টিভ পদার্থ আর রুবি বলেছেন 'অ্যালুমিনিয়াম'। গোটা ঘটনাটি হাস্যকর তো বটেই, পাশাপাশি অত্যন্ত দুঃখজনক। বিহারের বোর্ড পরীক্ষায় এমনিতেই ৫০ শতাংশ
ছাত্রছাত্রী পাশ করতে পারে না। আর যাঁরা টপার হিসেবে নাম করেন তাঁদের অবস্থা যে কী তা রুবির উত্তর শুনেই বোঝা
যায়! 