সরকারি স্কুলে শনিবার হোক 'ফান ডে', দাবি স্বয়ং শিক্ষামন্ত্রীর 
দেশের অনেক স্কুলই শনিবার বন্ধ থাকে। আবার বেশ কিছু বিদ্যালয়ে অর্ধেক-বেলা পড়াশোনা হয়ে ছুটি হয়ে যায়। মোটামুটি শনিবার মানেই
স্কুলপড়ুয়াদের উইকএন্ড শুরু। আর সেই শনিবার যদি হয় একেবারে খাতা-বইহীন, তা হলে ব্যাপারটা কেমন হয়? উত্তরপ্রদেশে সরকার গঠনের পরে, নয়া
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বেশ কিছু নিয়ম বদলেছেন রাজ্যে সুব্যবস্থা আনার জন্য। কিছু নতুন আইনকানুনও আরোপ করেছেন রাজ্যবাসীর সুবিধার জন্য। এবার
তাঁর মন্ত্রীসভার এক সদস্য আরও এক নতুন নিয়মের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, রাজ্যের সব সরকারি স্কুলে, প্রাইমারি থেকে দ্বাদশ
শ্রেণি পর্যন্ত, এবার থেকে শনিবার ছাত্রছাত্রীদের কোনও স্কুল-ব্যাগ নিয়ে যেতে হবে না। পড়ুয়ারা সেদিন স্কুলে অবশ্যই যাবে, কিন্তু শনিবার তাদের
জন্য হবে 'ফান-ডে'। সেদিন শুধুই খেলা আর খেলা। পড়ুয়াদের কথা ভেবে এমন আর্জি পেশ করেছেন, উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী দিনেশ শর্মা। তিনি
আবার সে রাজ্যের শিক্ষামন্ত্রীও বটে। তাঁর এ হেন আর্জির জন্য দিনেশ শর্মা যে কারণ দেখিয়েছেন, তাও একেবারে ফেলনা নয়। এখনকার
যা পড়াশোনার সিস্টেম, তাতে নিজেদের শরীরের ওজনের থেকে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি ওজনের বইয়ের ভার বহন করতে হয় পড়ুয়াদের।
শিক্ষামন্ত্রীর মতে, সপ্তাহে যদি একটা দিনও ছাত্রছাত্রীরা 'ভারমুক্ত' হয়ে স্কুলে যেতে পারে, তার জন্যই এমন ভাবনা তাঁর। দিনেশ শর্মার এই
আর্জিকে পুরোপুরি সমর্থন করছে না উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা সঙ্ঘের সচিব আর পি মিশ্র। তাঁর মতে, শনিবার স্কুলে শুধু খেলাধুলো হলে
অনেকেই তাঁদের সন্তানকে স্কুলে যেতে দেবেন না। তার বদলে, অর্ধেক দিন লেখাপড়া করে বাকি অর্ধেক দিন খেলায় মাতুক স্টুডেন্টরা। সে
ক্ষেত্রে বজায় থাকে দু' দিকই, মত সেখানকার শিক্ষক সমিতির। 