সমকামিতা বিল নিয়ে সংসদে টিটকিরির মুখে শশী 
সমকামিতাকে ফৌজদারি দণ্ডবিধির আওতা থেকে বার করতে একটি সংশোধনী বিল পেশ করতে চেয়েছিলেন শশী। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় সংশোধনের
প্রস্তাব দিয়ে 'ইন্ডিয়ান পিনাল কোড (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৫' পেশ করতে গিয়েছিলেন 'প্রাইভেট মেম্বার'স বিল' হিসাবে। শশী তাঁর প্রস্তাব পেশ করতেই
হইহই করে ওঠেন শাসকদলের সাংসদেরা। দর্শকের গ্যালারিতে উপস্থিত দু'জন পরে জানান, 'নো, নো' গর্জনের মধ্যেই উঠতে থাকে মস্করা-টিটকিরির রোল! অনেক
বিজেপি সাংসদই বলে ওঠেন, তারুর কি নিজের জন্যই বিলটি আনতে চাইছেন? শাসক দলের বেশ কয়েকজন সাংসদ আবার হাসতে হাসতে শশীকে
বলেন, আপনি কী, আমরা জানি! বিল নিয়ে আপত্তি তোলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী সদানন্দ গৌড়া। প্রস্তাবিত বিলের প্রতিবাদে সামিল হন কংগ্রেসের কয়েকজন
সাংসদও। তবে শশী আজ পাশে পেয়েছিলেন বিজেডি'র তথাগত শতপথীকে। শেষপর্যন্ত ধ্বনিভোটে পরাজিত হন শশী। তিরুঅনন্তপুরমের এই কংগ্রেস সাংসদ পরে টুইট
করেন, 'দু'জন প্রাপ্তবয়স্কের উভয়পক্ষের সম্মতিতে যৌন সম্পর্কের বিল লোকসভায় পরাজিত! এই অসহিষ্ণুতা বিস্ময়কর'। ভবিষ্যতে আবারও এই সংশোধনী বিল পেশের চেষ্টা
করবেন বলে জানিয়েছেন শশী। 