বিপাকে বাবা, ঠাঁই হতে পারে জেলে! যোগগুরুর বিরুদ্ধে কী নির্দেশ দিল আদালত 
গলাকাটার হুমকি দিয়ে বড়সড় আইনি ঝামেলায় পড়ে গেলেন বাবা রামদেব। যোগগুরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হরিয়ানার রোহতকের একটি
আদালত। দু'বার আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল বাবা রামদেবকে। কিন্তু তিনি কোর্টে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় বুধবারই তাঁর বিরুদ্ধে জামিন
অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ওই আদালত। ২০১৬ সালের ৩ এপ্রিল রোহতকের একটি সভায় রামদেব বলেছিলেন, আইন তাঁর হাতে থাকলে
'ভারত মাতা কি জয়' না বলার জন্য লক্ষ লক্ষ মানুষের গলা কেটে নিতেন তিনি। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আদালতে মামলা
দায়ের হয়। শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে কারোকে অপমান করার অপরাধে রামদেবকে সমন পাঠিয়েছিল রোহতকের ওই আদালত। কিন্তু সেই সমনকে গুরুত্ব
না দিয়েই বিপাকে পড়লেন যোগগুরু। এই মামলায় অভিযোগকারীদের মধ্যে অন্যতম হরিয়ানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেস নেতা সুভাষ বাতরা জানিয়েছেন, আদালতের
নির্দেশ মেনে রামদেবের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য রোহতকের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 