'অনুগ্রহ করে শুনবেন...'। স্টেশনে গিয়ে এই ঘোষণা আর শোনা যাবে না? 
শিয়ালদহ, হাওড়া থেকে দেশের যে কোনও প্রান্তের ছোট, বড় স্টেশন। ট্রেন চলাচল সংক্রান্ত যাবতীয় ঘোষণা স্টেশন চত্বরে সাগানো লাউডস্পিকারে
করাটাই নিয়ম। বড় স্টেশনগুলিতে অবশ্য এলআইডি টিভি অথবা ডিসপ্লে বোর্ডেও ট্রেন চলাচল সংক্রান্ত তথ্য দেওয়া থাকে। আয় বাড়াতে ভারতীয় রেল
যে পদক্ষেপ নিতে চলেছে, তাতে অবশ্য অদূর ভবিষ্যতে রেল স্টেশনে লাউডস্পিকারে ট্রেন চলাচল সংক্রান্ত তথ্যের ঘোষণা করার পদ্ধতিটাই বন্ধ হয়ে
যেতে পারে। ভারতীয় রেলের পরিকল্পনা অনুযায়ী, গোটা দেশ জুড়ে বিভিন্ন স্টেশনে লক্ষাধিক এলইডি টিভি বসানো হবে। সেই টিভিগুলিতেই ট্রেন চলাচল
সংক্রান্ত যাবতীয় তথ্য যাত্রীদের জানানো হবে। একই সঙ্গে টিভিগুলিতে চলবে বিজ্ঞাপন। যা থেকে রেলের আয় বাড়বে। যে স্টেশনগুলিতে এই ব্যবস্থা
করা হবে, সেখানে লাউডস্পিকারে ঘোষণা বন্ধ করা ছাড়াও অনুসন্ধান কাউন্টারও বন্ধ করে দেওয়া হবে। ফলে ট্রেন চলাচল সংক্রান্ত তথ্য পাওয়ার
জন্য বাধ্য হয়ে টিভি স্ক্রিনে চোখ রাখতে বাধ্য হবেন যাত্রীরা। ফলে ট্রেন সংক্রান্ত তথ্য ছাড়াও বিজ্ঞাপনও চোখে পড়বে যাত্রীদের। একটি
সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে দিল্লি-সহ দশটি স্টেশনে এই ব্যবস্থা শুরু হবে। আগামী দু'বছরের মধ্যে
আরও দু'হাজার স্টেশনে এলইডি স্ক্রিন বসানো হবে। রেল মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, এই পদ্ধতিতে এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন দেখিয়ে এই ক্ষেত্র থেকে
প্রতি বছরে দশ হাজার কোটি টাকা আয় হতে পারে। বর্তমানে যা মাত্র কয়েক কোটি টাকা। কিন্তু বাস্তবে রেলের এই পরিকল্পনা
কতটা কার্যকরী হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বিজ্ঞাপনদাতারাই বা এই পদ্ধতিতে বিজ্ঞাপন দিতে কতটা আগ্রহী হবেন, তা নিয়েও প্রশ্ন
রয়েছে। কারণ, অতীতে বিভিন্ন পদ্ধতিতে বিজ্ঞাপন থেকে আয় বাড়ানোর চেষ্টা করেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। যাত্রীরাও এই ব্যবস্থার সঙ্গে
কতটা মানিয়ে নিতে পারবেন, সেটাও দেখার। 