বেওয়ারিশ কুকুরে নাশকতার ছক? আশঙ্কায় দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ 
বেওয়ারিশ কুকুর দিয়ে হামলা হতে পারে দিল্লি বিমানবন্দরে। এই আশঙ্কায় বিমানবন্দর থেকে বেওয়ারিশ কুকুর সরানোর আবেদন জানালেন দিল্লি বিমানবন্দর
কর্তৃপক্ষ। দক্ষিণ দিল্লি পুরসভাকে এই প্রেক্ষিতে আবেদনও জানিয়েছে তাঁরা। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, যেভাবে বেওয়ারিশ কুকুর বাড়ছে তাতে এদের নাশকতার
ছকে সন্ত্রাসবাদীরা ব্যবহার করতেই পারে। এই বিমানবন্দরেসর্বোচ্চ স্তরের নিরাপত্তা নজরদারি থাকে। কিন্তু, তার পরেও এই বেওয়ারিশ কুকুর হঠাতে বাধা হয়ে
দাঁড়াচ্ছে প্রাণিকল্যাণ আইন। দক্ষিণ দিল্লি পুরসভাকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জনসমাগম হয় এমন জায়গায় কুকুরদের সঙ্গে বিস্ফোরক বেঁধে পাঠিয়ে দিতে
পারে জঙ্গিরা। কুকুরদের আত্মঘাতী জঙ্গির মতো ব্যবহার করা হতে পারে। বিশেষ করে পাঠানকোটের ঘটনার পর এই ধরনের আশঙ্কা উড়িয়ে দেওয়া
যাচ্ছে না বলেও জানিয়েছেন দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে, এই নিয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে বলে জানিয়েছে দক্ষিণ দিল্লি পুরসভা। 