চিতাভস্মের ডিএনএ পরীক্ষা চান সুভাষ-কন্যা 
নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু-রহস্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর জন্য টোকিও'র রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্মের ডিএনএ পরীক্ষা করানো উচিত বলে
মনে করেন তাঁর কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে ফোনে সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিতা বলেন, ডিএনএ পরীক্ষা হলেই
প্রমাণ হয়ে যাবে চিতাভস্ম ওঁরই (সুভাষচন্দ্র বসু) কি না। অবশ্য যদি ওই ভস্ম পরীক্ষা করানোর মতো অবস্থায় থাকে! বসু পরিবার
সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে ভারতে আসতে পারেন অনিতা। চিতাভস্মের ডিএনএ পরীক্ষা করানোর ব্যাপারে জাপানের সঙ্গে কথা বলার জন্য ভারত সরকারকে
আবেদন জানাতে পারেন তিনি। তবে অতীতের মতোই এই সাক্ষাৎকারেও অনিতা জানিয়েছেন, তাঁর বিশ্বাস যে ১৯৪৫ সালের ১৮ অগস্ট তাইপের তাইহোকুতে
বিমান দুর্ঘটনাতেই তাঁর বাবার মৃত্যু হয়েছিল। নেতাজি সম্পর্কিত বেশ কয়েকটি ফাইল সম্প্রতি প্রকাশ্যে এনেছে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার। যদিও সেগুলিতে
'চমকপ্রদ' কিছু রয়েছে বলে মনে করেন না অনিতা। প্রসঙ্গত, নেতাজির মৃত্যু নিয়ে 'নিচু মানের রাজনীতি' হচ্ছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী
অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই মতকে সমর্থনই করেছেন সুভাষ-কন্যা। আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে মা এমিলি শেঙ্কলকে নিয়ে একটি বই লিখতে চান
বলেও অনিতা জানিয়েছেন। 