উচ্চশিক্ষায় মাসে মাসে বিপুল টাকা পড়ুয়াদের, নয়া প্রকল্প মোদী সরকারের 
এমন স্কলারশিপ ভারতে আগে হয়নি। প্রধানমন্ত্রী রিসার্চ ফেলোশিপে (পিএমআরএফ) মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার।
উচ্চশিক্ষা তথা গবেষণায় নতুন দিন আনতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় মেধা যাতে বিদেশে চলে না যায়, তার জন্য মাসে
মাসে বিপুল পরিমাণে স্কলারশিপ দেওয়ার সুপারিশে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আইআইটি, আইআইএসইআর, এনআইটি-র মতো সংস্থার পড়ুয়ারা ব্যাপক হারে বিদেশ পাড়ি
দিচ্ছে। এবার সেই সব মেধা দেশে আটকে রাখতে আগামী তিন বছরে কেন্দ্র ১ হাজার ৬৫০ কোটি টাকা খরচ করবে। শুক্রবার
এই প্রস্তাবে সিলমোহর দিয়েছে মোদী মন্ত্রিসভা। মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা করে দেওয়া ছাড়াও গবেষণার জন্য বার্ষিক ২ লাখ
টাকা দেওয়া হবে নির্বাচিত গবেষকদের। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশীয় মেধা
বিদেশ যাওয়া বন্ধ করতেই এই প্রকল্প। জাভরেকর বলেন, এই প্রকল্প গবেষণার ক্ষেত্রে দেশীয় বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে
এক দিকে যেমন দেশের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শিক্ষকের চাহিদা মেটানো যাবে তেমনই অন্য দিকে, এর ফলে 'ব্রেন ড্রেন' বন্ধ হয়ে 'ব্রেন
গেন' হবে দেশে। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে এই প্রকল্প চালু হবে। সুযোগ পাবেন বি-টেক, এম-টেক ও এমএসসির পড়ুয়ারা। পিএইচডি-র জন্য নির্বাচিতরা
প্রথম দু'বছর মাসে ৭০ হাজার টাকা, তৃতীয় বছরে মাসে ৭৫ হাজার টাকা এবং শেষ দু'বছর মাসিক ৮০ হাজার টাকা পাবেন।
এছাড়াও এই সময়কালে বিদেশে আন্তর্জাতিক সম্মেলন বা সেমিনারে পেপার পড়তে যাওয়ার খরচ হিসেবে ২ লাখ টাকা করে পাবেন। 