এবার বিদেশিরাও আইআইটি-তে পড়াশোনার সুযোগ পাবেন 
এবার বিদেশি ছাত্রছাত্রীরাও ভারতের আইআইটি-গুলিতে পড়াশোনার সুযোগ পাবেন। মেধাবী ছাত্রদের বাছাই করতে সব মিলিয়ে আটটি দেশে এই প্রবেশিকা পরীক্ষা
নেওয়া হবে। সিঙ্গাপুর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও সার্ক-এর সদস্য দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং নেপালে এই পরীক্ষা নেওয়া
হবে। আগামী বছর থেকেই বিদেশি ছাত্রছাত্রীরা এই সুযোগ পাবেন। বিদেশ থেকে এত দিন শুধুমাত্র প্রবাসী ভারতীয়রাই আইআইটিগুলিতে পড়াশোনার সুযোগ পেতেন।
দেশের ১৮টি আইআইটি-র জন্য আরও মেধাবী ছাত্র খুঁজে আনতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সম্প্রতি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বিদেশমন্ত্রকের
একটি বৈঠকে কোন দেশগুলি থেকে ছাত্রদের সুযোগ দেওয়া হবে তা চূড়ান্ত করা হয়েছে। ২০১৭-র জেইই এবং গেট পরীক্ষা থেকেই এই
সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে মিলে সংশ্লিষ্ট দেশগুলিতে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যদিও বিদেশি ছাত্রদের সুযোগ দেওয়া হলেও
দেশের ১৮টি আইআইটি-র কোনওটিতেই ভারতীয়দের আসনসংখ্যা কমবে না। কারণ, বিদেশি ছাত্রদের জন্য অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হবে। ভারতীয়দের তুলনায় বিদেশী
ছাত্রদের ফি-ও বেশি হবে। 