আদালতে সুদীপের মুখে মমতার সঙ্গে বিবেকানন্দর নাম 
বৃহস্পতিবারই শেষ হল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হেফাজত। তিনি প্রভাবশালী এবং রোজ ভ্যালি - কাণ্ডে তিনি তথ্য প্রমাণ নষ্ট করার
জন্য প্রভাব খাটাতে পারেন এই যুক্তিতে তাঁর জেল হেফাজত চাইবে সিবিআই। বিরোধিতা করা হবে তাঁর জামিনের। বৃহস্পতিবার ভুবনেশ্বরে সিবিআই আদালতে
পেশ করা হয় তৃণমূলের সংসদীয় দলনেতাকে। গাড়ি থেকে নেমে আদালত কক্ষে ঢোকার আগে সুদীপ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নোটবাতিলের বিরোধিতা করছেনস
গরিব মানুষের হয়ে কথা বলেছেন। আমি সেই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছিলাম সংসদে। আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তাই আমাকে গ্রেফতার করা
হবে আমি জানতাম।' এরই সঙ্গে সুদীপ স্মরণ করেন স্বামী বিবেকানন্দকে। তৃণমূল সাংসদ বলেন, 'আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তিনি যেমন বলেছিলেন
সেই রকমই আমি বীরের মত এসেছি। বীরের মতই যাচ্ছি।' শেষে সুদীপ 'মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগান দিতে দিতে আদালত কক্ষে ঢুকে
যান। সুদীপের জামিনের আবেদন খারিজ করে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান। 