নারদকাণ্ডে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জেরা করতে তৈরি 
ওয়েব ডেস্ক : নারদ-কাণ্ডে মেয়রকে জেরা করতে আঁটঘাট বেঁধেই নামছে সিবিআই। শোভন চট্টোপাধ্যায়ের জন্য প্রশ্নের তালিকা হাতে তৈরি গোয়েন্দারা।
সিবিআই সূত্রে খবর, নারদ-কর্তার কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা জানতে চাওয়া হবে। টাকা নিয়ে থাকলে কত টাকা নিয়েছেন, কেন
নিয়েছেন, টাকা কোথায় গেল, তৈরি সেই প্রশ্নও। টাকা নিয়ে থাকলে বিনিময়ে কী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? এই সব বিষয়ই আজ শোভন
চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। এমনটাই খবর সিবিআই সূত্রে। প্রসঙ্গত, শুক্রবার শোভন চট্টোপাধ্যায়ের বেহালার বাড়িতে নোটিশ পাঠান গোয়েন্দারা। আজ বেলা
১১টার মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজির থাকতে বলা হয়েছে। ইডির জেরায় মেয়র দাবি করেন, নারদ-কর্তার কাছ থেকে কোনও টাকা নেননি।
এবার সিবিআইকে তিনি কী বলেন, এখন সেটাই দেখার। সিবিআই সূত্রে খবর, স্টিং অপারেশনের ভিডিও দেখিয়ে মন্ত্রীর কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া
হবে। শোভন চট্টোপাধ্যায়কে তাঁর আয়-ব্যয় সংক্রান্ত নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়কেও দ্বিতীয় নোটিশ দিয়েছে সিবিআই ।
তাঁকে বৃহস্পতিবার নিজাম প্যালেসে হাজির থাকতে বলা হয়েছে। 