মাত্র ২ মাস বয়সেই ইনি চুলকুমার, বড় হলে কী হবেন? 
পাড়ার লোক 'বেবি বিয়ার' বলে ডাকলেও তাতে এঁর কিস্যু যায় আসে না। কারণ, কোনও রকম রগড় বোঝার বয়স এঁর
হয়নি। কিন্তু পাবলিক তাঁর চুল নিয়ে ঘাঁটাঘাঁটি করলে বেজায় বিরক্ত হন তিনি। কিন্তু এক্ষেত্রেও অর্থহীন ক্যাঁওম্যাও করার বাইরে তিনি কিছুই
করতে পারেন না। কারণ তাঁর বয়স মাত্র ২ মাস। যুক্তরাজ্যের ব্রাইটনের বাসিন্দা ৩২ বছরের চেলসি নুন তিন সন্তানের জননী। তাঁর
কনিষ্ঠ সন্তান জুনিয়র কক্স-নুন ভূমিষ্ঠই হয় এক বিচিতশ্রন চুল নিয়ে। তার মাথা ভর্তি ঘন সোনালি চুল, সবটাই খাড়া। হঠাৎ দেখলে
মনে হবে, পার্লারে গিয়ে দস্তুরমতো কসরৎ করা হয়েছে চুলে। এহেন অস্বাভাবিক কাণ্ড দেখে চেলসি ভয় পেয়ে যান। ডাক্তাররা তাঁকে জানান,
কয়েকদিনের মধ্যেই এই চুল পড়ে যাবে। কিন্তু তার পরে ৯ সপ্তাহ অতিক্রান্ত। চুল পড়ার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তার
উপরে সে চুলের বাড়বৃদ্ধিও সাংঘাতিক। সবথেকে বিরক্তিকর ব্যাপার, বেবি কক্সের চুল দেখে তাতে হাত বোলানোর লোভ সামলাতে পারেন না বেশিরভাগ
মানুষ। বার বার চুলে হাত দেওয়াতে যারপরনাই বিব্রত বোধ করে কক্স। তবে মাঝে মাঝে যে তার এই চুল-সংক্রান্ত বিড়ম্বনাকে সে
এনজয় করে না, তা-ও ঠিক নয়। মিচকে হাসি দিয়ে সেটা সে বুঝিয়েও দেয়। আপাতত সোশ্যাল মিডিয়ায় কক্সের ছবি ভাইরাল। সে
রীতিমতো সেলিব্রিটি! 