কী কাণ্ড! স্বেচ্ছায় 'প্রেগন্যান্ট' হলেন এই তিন জাপানি পুরুষ 
সমাজ-সচেতনতা বাড়াতে কতরকম ফন্দিই না আঁটতে হয়! তবে এমন অভিনব ফন্দি দেখা যায় না সচরাচর। জাপানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের তিন
গভর্নর একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সমাজকে সচেতন করে তুলতেই এবার অংশ নিলেন একটি বিজ্ঞাপনে। (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট)-এর
২০১৪ সালের একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, গৃহ-দায়িত্ব পালনে জাপানি পুরুষরা বিশ্বের অন্যতম অলস মানুষ। সমীক্ষাটি করা হয়েছিল ৩৫টি দেশকে
নিয়ে। তাতে দেখা গিয়েছে, জাপানের মহিলারাই ঘরের যাবতীয় দায়িত্ব সামলান। এমনকী, যখন তাঁরা গর্ভবতী, তখনও ছাড় নেই। পেটে সন্তান নিয়েও
জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হয় তাঁদের। জাপান সরকার এই বিষয়ে সকলকে সচেতন করতেই উদ্যোগ নিয়েছে একটি বিজ্ঞাপনের মাধ্যমে। তিন
মিনিটের এই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, তিন পুরুষ গভর্নর সাত কেজি ওজনের একটি প্রস্থেটিক ফিটিং পরেছেন। একজন সাত মাসের গর্ভবতী মহিলার
বক্ষ এবং পেটের আকার সাধারণত যা হয়ে থাকে, ওই বিশেষ জিনিসটি পরার ফলে গভর্নরদের বুক ও পেটও সেই আকার নিয়েছে।
ওই অবস্থায় সিঁড়ি ভেঙে চলাচল করা, ভারী জিনিস তোলা-নামানো, বাসে উঠে কে সিট দেবে সেই প্রতীক্ষা করা - সবই করছেন
তাঁরা। একজন তো মোজা পরতে গিয়েই নাকাল হলেন, আর অন্যজন একটি লন্ড্রির বোঝা কাঁধ থেকে নামিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন।
শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দুজনই অনুভব করলেন যে গর্ভে সন্তান নিয়ে কতটা কঠিন এত কাজ করা! এই বিষয়ে দেশের পুরুষদের
আরও সচেতন ও সহমর্মী হওয়া উচিত, এই বার্তা দিয়েই তাঁরা শেষ করলেন বিজ্ঞাপন। 