৮০০ শিশুর পিতা! নাম, সাইমন 'ভিকি' ওয়াটসন 
কম করে ৮০০ সন্তানের পিতা তিনি। নাম, সাইমন ওয়াটসন। তবে এঁকে অনায়াসে 'ভিকি' ওয়াটসন বলা যেতেই পারে। যাঁরা ভিকি
ডোনার ছবিটি দেখেছেন, তাঁরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন পুরো খবরটা কী নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। সাইমন স্পার্ম ডোনার। সেল্যুলয়েডের ভিকি
যেমন লুকিয়ে-চুরিয়ে স্পার্ম ডোনেট করতেন, বাস্তবের এই 'ভিকি' সেটা করেন একেবারে বুক ঠুকে। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে। ফেসবুক এবং অন্য সোশ্যাল
মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে দর হেঁকেছেন এক পাত্রের জন্য ৫০ পাউন্ড। জানিয়েছেন, আমার পরিবার ও বন্ধুরা এই পেশা সম্পর্কে জানে। আমার
নিজের সন্তানরাও এই সম্পর্কে ওয়াকিবহাল। ওদের স্কুলের বন্ধুরা এই নিয়ে মজা করে। আমার ছেলেরা বলেছে, ওরা কোনও দিনই এমন পেশায়
আসবে না। কিন্তু আমি করছি বলে ওদের কোনও আপত্তি নেই। ফিল্মের ভিকির সঙ্গে এই 'ভিকি'র পার্থক্য শুধুমাত্র এই একটি জায়গায়
(অবশ্য পরে ভিকিও সবটা স্ত্রীর কাছে খুলে বলেছিল)। বাকি গল্পটা, অবিশ্বাস্য হলেও, প্রায় এক। ফিল্মের ভিকির মতোই এঁর ব্যবসাও জমে
উঠেছে বেশ। চাকরি ছেড়ে স্রেফ স্পার্ম বিক্রি করে দিব্যি সংসার চালিয়ে যাচ্ছেন সাইমন। বলছেন, একেবারে অন্য ধরনের কেরিয়ার তৈরি করেছি।
সাইমন ওয়াটসন। এভাবেই চলছে গত ১৬ বছর ধরে। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের এই যুবক বলছেন, অনেক মহিলাই বলেন, স্পার্ম দেওয়া উচিত বিনাপয়সায়।
কিন্তু এক পাত্রের জন্য ৫০ পাউন্ড খুব বেশি দর বলে আমার মনে হয় না। সাইমনের নিজের তিনটি সন্তান। দুই ছেলে,
এক মেয়ে। এর বাইরে ৮০০-রও বেশি ছেলেমেয়ের 'জনক' সাইমনের সন্তানরা এখনও প্রায় প্রতি সপ্তাহে ভ্রূণ হিসেবে আসছে কোনও না কোনও
মায়ের গর্ভে। বা, জন্ম নিচ্ছে কোথাও না কোথাও। ফিল্মের ভিকির মতো সাইমনেরও এই পেশার জন্য স্ত্রীকে নিয়ে সংকট এসেছিল। ভিকির
বিয়ে টিকে গিয়েছে (হয়তো ফিল্ম বলেই, হ্যাপি এন্ডিং-এর স্বার্থে)। কিন্তু সাইমনের প্রথম বিয়ে টেকেনি। পরে অবশ্য নতুন বান্ধবীও পেয়ে গিয়েছেন।
যাঁর এই পেশা নিয়ে কোনও আপত্তিই নেই। তবে যাকে-তাকে স্পার্ম দেন না সাইমন। বলছেন, কেউ স্মোক বা ড্রিঙ্ক করলে আমার
আপত্তি নেই। কিন্তু কেউ যদি ড্রাগ অ্যাডিক্ট হন, আমি তাঁকে স্পার্ম দিই না। নিজের ঔরসজাতদের দেখতে ইচ্ছে করে না? সাইমন
বলছেন, ওরা সকলে ভাল থাকুক, সুস্থ থাকুক। আমি স্পার্ম দেওয়ার পরে আর সংশ্লিষ্ট মহিলা বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখি না।
এ কি নেহাতই পেশাদারের কথা? না সাইমন 'ভিকি' ডোনারের মনের কোটরে গুটিসুটি মেরে রয়েছে ৮০০-রও বেশি শিশু। এক না-বলা আবেগে
যারা চিরবন্দি তাদের 'বাবা'-র মণিকোঠায়। 