সমুদ্র থেকে উঠে এলো বিশাল 'দৈত্য'! মেয়েকে টেনে নিয়ে গেল জলে 
সমুদ্রের গর্ভে অজস্র বিচিত্র প্রাণীর বসবাস। তাদের মধ্যে কোনও কোনও প্রাণী স্বভাবে হিংস্র, আবার কোনও কোনও প্রাণী নিরীহ। সেই
সমস্ত আপাতনিরীহ প্রাণীদের নিয়ে মানুষ অনেক সময়ে ঠাট্টা-মশকরা করে আনন্দ পেতে চায়। কিন্তু সেই সমস্ত ঠাট্টা-মশকরার পরিণাম কখনও কখনও ভয়ঙ্কর
হয়ে ওঠে। এমন 'শিক্ষা' হয় মানুষের যে, আর কোনও দিন নিরীহ প্রাণীদের উত্যক্ত করার সাহস হয় না তাদের। সম্প্রতি সোশ্যাল
মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে তেমনই এক 'শিক্ষা'র দৃষ্টান্ত ধরা পড়েছে। ঘটনাস্থল কানাডার ওয়েস্ট ব্যাঙ্ক এলাকা। সমুদ্রের ধারে অবস্থিত এই
পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক শোভা উপভোগ করার লক্ষ্যে প্রতি দিনই বহু পর্যটক আসেন। তাঁদের অতিরিক্ত আকর্ষণ হিসেবে কাজ করে সমুদ্রের বুকে
খেলা করে বেড়ানো বিচিত্র মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীরা। সে রকমই এক প্রাণী হল সি লায়ন। বিরাট সিল মাছের মতো
দেখতে এই প্রাণী এমনিতে নিরীহ প্রকৃতির এবং স্বভাবেও বেশ মজাদার। ভাইরাল হওয়া এই ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি কাঠের ব্রিজের উপরে
পর্যটকরা দাঁড়িয়ে এ রকমই এক সি লায়ন-কে মাছ খাওয়াচ্ছেন। বিশালাকৃতির প্রাণীটি মাঝে মাঝে ঘাই মারছে জলের উপরে, মুখে করে মাছ
নিয়ে চলে যাচ্ছে জলের গভীরে। সেই দেখে আনন্দ পাচ্ছেন পর্যটকরা। কিন্তু আনন্দ যে মুহূর্তেই আতঙ্কে বদলে যাবে, তা তাঁরা ভাবতেও
পারেননি। পর্যটকদের মধ্যে কেউ কেউ অতি-সাহসী হয়ে জলের উপরে হাত ঝুলিয়ে সি লায়নটিকে উপরে উঠে আসার জন্য প্ররোচিত করছিলেন। কাঠের
সেতুটির রেলিং-এ বসেছিল এক কিশোরী। তার পরণে ছিল একটি সাদা রঙের ফ্রক। সি লায়নটি আচমকাই জল থেকে লাফিয়ে উঠে মেয়েটির
ফ্রক ধরে টান মারে। সে টান এমন টান যে, তার প্রাবল্যে একেবারে জলে পড়ে যায় মেয়েটি। আতঙ্কে সকলে চিৎকার করে
ওঠেন। আক্রমণের আগের মুহূর্ত (ছবিঃ ইউটিউব) সি লায়নটি তত ক্ষণে আবার চলে গিয়েছে জলের গভীরে। আর কিশোরী হাবুডুবু খাচ্ছে জলে।
তীরে নোঙর করা জাহাজগুলিরই এক কর্মী তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। তিনি মেয়েটিকে জলে পড়ে যেতে দেখে চোখের নিমেষে জলে
ঝাঁপিয়ে পড়েন। মেয়েটিকে তুলে আনেন জল থেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওই মেয়েটির নাম ওয়াং লি। বেজিং
থেকে বাবা-মার সঙ্গে কানাডায় বেড়াতে গিয়েছিল সে। ২০ মে ঘটে যাওয়া এই ঘটনায় সে অক্ষতই রয়েছে। কিন্তু সি লায়নের এই
আচমকা আক্রমণে সে এতটাই অতঙ্কিত যে, জীবনে বোধহয় আর কখনও কোনও নিরীহ প্রাণীকে উত্যক্ত করার সাহস সে করবে না। দেখুন
সেই রোমহর্ষক ভিডিও (ভিডিও সৌজন্যঃ ইউটিউব) 