অবশেষে পাকিস্তানে হিন্দু বিবাহ আইন, সময় লাগল ৭০ বছর 
দেশ তৈরির প্রায় ৭০ বছর পরে হিন্দুদের জন্য বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত আইন পাশ হতে চলেছে পাকিস্তানের সংসদে। পাক-সংসদের এই
পদক্ষেপকে স্বাগত জানালেও এই আইন পাশ করতে পাক সংসদের এত দেরি হল কেন তা নিয় পাক সংবাদমাধ্যমেই প্রশ্ন তোলা হয়েছে।
গত সোমবার পাক সংসদের আইন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি হিন্দু বিবাহ রেজিস্ট্রশন আইনকে অনুমোদন দেয়। কয়েক দিনের মধ্যেই পাক সংসদে এই
আইন পাশ করা হবে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা বিবাহ রেজিস্ট্রেশন আইনের দাবি জানিয়ে আসছিলেন। কারণ, আইন না থাকায় আইন
মেনে বিবাহ বিচ্ছেদও করতে পারতেন না পাকিস্তানের হিন্দু দম্পতিরা। ২০১৪ সালে সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হলেও বিভিন্ন রাজনৈতিক
দল এবং সংগঠনের দাবিতে আইন প্রণয়ন করা যায়নি। যদিও নতুন এই আইনের বেশ কিছু দিক নিয়ে পাকিস্তানের একটি সংবাদপত্রে প্রশ্ন
তোলা হয়েছে। পাকিস্তানে বিবাহিত হিন্দু মহিলাদের জোর করে ধর্মান্তরিত করে ফের বিয়ে দেওয়ার অসংখ্য অভিযোগ ওঠে। নতুন এই আইনে এই
সমস্যার কোনও সমাধান হবে কি না, তা নিয়ে পাকিস্তানের একটি দৈনিকেই একাধিক প্রশ্ন তোলা হয়েছে। আইন প্রণয়ন হলে বিয়ের প্রামাণ্য
নথি থাকবে হিন্দু দম্পতিদের কাছে। অথচ, নতুন এই আইনের বলা হয়েছে হিন্দু দম্পতিদের একজনও ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে
নতুন এই আইন অনুযায়ী ততক্ষণাৎ বিয়ে বাতিল হয়ে যাবে। 