ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপরে বেজায় চটেছেন তাঁর মা। কেন? 
বিরোধীদের সমালোচনা তো হজম করতেই হয়, কিন্তু এবারে নিজের মায়ের রোষের মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। না, কোনও
ঘরোয়া বিষয় নয়। সরাসরি ব্রিটিশ সরকারের নীতিকেই চ্যালেঞ্জ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা মেরি ক্যামেরন। আসলে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বিভিন্ন বরাদ্দে কাটছাঁট
করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর তাতেই ছেলের উপরে বেজায় চটেছেন মেরি ক্যামেরন। কারণ, এই আর্থিক বরাদ্দ কমে যাওয়ার কারণেই
লন্ডনের ওয়েস্ট বার্কশায়ার শহরের একটি চিলড্রেন সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাচক্রে ওই শহরের প্রশাসনিক ভার রয়েছে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির
উপরেই। চিলড্রেন সেন্টারটি বন্ধ হয়ে যাওয়ায় ভীষণ হতাশ ব্রিটিশ প্রধানমন্ত্রীর মা। কারণ, তিনি নিজে ওই চিলড্রেন সেন্টারের একজন সদস্য ছিলেন।
আক্ষেপের সুরেই তিনি বলেছেন, 'অর্থ না থাকলে এই ধরনের জিনিসগুলিকে বন্ধ করে দিতেই হবে।' আর্থিক ঘাটতি কমানোর জন্য সামাজিক উন্নয়নের
ক্ষেত্রের বরাদ্দে ব্যাপক কাটছাঁট করেছে ব্রিটিশ সরকার। যার জেরে অনেকের মতোই ব্রিটিশ সরকারের উপরে খোদ প্রধানমন্ত্রীর মা-ও ক্ষুধ্ব। 