ব্রাসেলসে ইনফোসিস কর্মী রাঘবেন্দ্রন নিহত 
বেলজিয়ামের ম্যালবেক মেট্রো স্টেশনের বিস্ফোরণেই প্রাণ হারিয়েছেন ইনফোসিসে'র নিখোঁজ কর্মী রাঘবেন্দ্রন গণেশন। বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত মঞ্জীব সিংহ পুরী আজ
এই খবর জানিয়েছেন। গত মঙ্গলবার থেকেই ওই তথ্যপ্রযুক্তি কর্মীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। মঞ্জীব সংবাদমাধ্যমকে বলেন, নিহতদের মধ্যে রাঘবেন্দ্রনকে শনাক্ত
করা সম্ভব হয়েছে। বেলজিয়াম সরকার আজই ভারতীয় দূতাবাসকে এই তথ্য জানিয়েছে। রাঘবেন্দ্রনের দেহ ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ
এর আগেই টুইট করে জানিয়েছিলেন, মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘণ্টাখানেক আগেই ভারতে ফোন করে মায়ের সঙ্গে কথা বলেছিলেন রাঘবেন্দ্রন। এরইমধ্যে জঙ্গিগোষ্ঠী
'ইসলামিক স্টেট' একটি ভিডিওয় সম্প্রতি হুমকি দিয়েছে, ব্রাসেলস হামলার মতো আরও সন্ত্রাসের ঘটনা ঘটাবে তারা। হামলায় সন্দেহভাজন ফয়জল শেফুকে প্রমাণের
অভাবে আজ ছেড়ে দিয়েছে বেলজিয়ামের এক আদালত। 