হলিউডের শীর্ষ সেলেবরা হিলারির ফান্ড রেজিং ইভেন্টে 
জৌ লুসের দৌড়ে, গ্ল্যামারের ম্যারাথনে কি তবে বড়সড় একটা হার্ডল টপকে দেখিয়ে দিলেন হিলারি ক্লিন্টন? হলিউডকে টানার ব্যাপারে প্রতিদ্বন্দ্বী
ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে গেলেন হিলারি। হলিউডের শীর্ষ তারকাদের দেখা গেল নিউ ইয়র্কের ফান্ড রেজিং অনুষ্ঠানে। সেখানে অস্কারজয়ী জুলিয়া
রবার্টস থেকে শুরু করে অস্কারের সঞ্চালক নিল প্যাট্রিক হ্যারিস, সকলেই হাজির ছিলেন। 'স্ট্রংগার টুগেদারঃ ব্রডওয়ে ফর হিলারি' শীর্ষক ইভেন্টে কে
নেই? হেলেন মিরেন, অ্যান হ্যাথওয়ে, সারা জেসিকা পার্কার, হিউ জ্যাকম্যান, এমিলি ল্বান্ট, জন হ্যাম, জেক গিলেনহল সহ অনেক অভিনেতা-অভিনেত্রীকেই দেখা
গেল অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রবেশমূল্য ছিল ১০ হাজার ডলার। সেন্ট জেমস থিয়েটারে পারফর্ম করলেন হলিউড তারকারা। যদিও হিলারি আসতে পারেননি, তাঁর
স্বামী প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং মেয়ে চেলসি ক্লিন্টন হাজির ছিলেন সেখানে। সোমবার রাতের সেই অনুষ্ঠান ছিল, যাকে বলে
চাঁদের হাট! সকলেই বলে গেলেন, 'হিলারিকে ভোট দিয়ে জয়ী করুন'। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখ খুলেছেন মেরিল স্ট্রিপের মতো বর্ষীয়ান অভিনেত্রীও।
তিনি না এলেও কিছুটা তাঁর সুরেই 'ইট ক্যান'ট হ্যাপেন হিয়ার' নাটকের দৃশ্য পারফর্ম করলেন 'ম্যাড মেন' তারকা জন হ্যাম এবং
'ব্রোক ব্যাক মাউন্টেন'এর মতো ছবিতে অভিনয় করা জেক গিলেনহল। ১৯৩৬ সালে লেখা নাটকটি সিনক্লেয়ার লুইসের উপন্যাস অবলম্বনে, যার উপপাদ্য ফাসিস্তদের
আমেরিকা দখল। 'দ্য গুড ওয়াইফ'এর অভিনেতা অ্যালান কামিং এলজিবিটি'দের পক্ষে বক্তৃতা করেন, যে বিষয়ে হিলারির দল যথেষ্ট মুক্তমনা। ডোনাল্ড ট্রাম্পের
সেলিব্রিটি সমর্থকদের মধ্যে অবশ্য হেভিওয়েটের কমতি নেই। ক্লিন্ট ইস্টউড যেমন বলেছেন, 'হিলারি আর ট্রাম্পের মধ্যে কাকে ভোট দেব বাছা মুশকিল।
তবে হিলারি তো বলেই দিয়েছেন, উনি ওবামার পথেই হাঁটবেন। কাজেই ট্রাম্পকেই ভোট দেব মনে হচ্ছে। চার্লি শিন, মাইক টাইসন রয়েছেন
তালিকায়। এর পরের তালিকাটা অবশ্য হিলারির সেলেব-সমর্থকদের মতো অতটা উচ্চমানের নয়! এখন দেখা যাক, ভোটবাক্স কী বলে! ট্রাম্পের আম-সমর্থকেরা অবশ্য
দেখতে মুখিয়ে রয়েছেন, তাঁর শো'য়ে কারা আসবেন বলতে যে, 'আপনারা ট্রাম্পকেই ভোটটা দিন'! 