অঘটন! পুরুষপ্রাধান্য ঘুচিয়ে রোম-রাজ্য রাজ্জির 
প্রায় আড়াই হাজার বছরের পুরুষতান্ত্রিক ইতিহাসে অঘটন! রোম শহরের মেয়র হলেন ভার্জিনিয়া রাজ্জি নামে এক মহিলা! ৩৭ বছর বয়সি
ভার্জিনিয়া পেশায় আইনজীবী। ইতালির নতুন রাজনৈতিক দল 'ফাইভ স্টার মুভমেন্টে'র (ইতালীয় ভাষায়, 'মোভিমেন্তো চিঙ্কোয়ে স্তেল্লে'। সংক্ষেপে এমফাইভএস) পথ্রী হিসাবে তিনি
পেয়েছেন ৬৭ শতাংশ ভোট। হেলায় হারিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনসি'র মধ্য-বামপন্থী ডেমোক্র্যাটিক পার্টি'র প্রতিপক্ষকে। আজই রোমের ৬৫তম মেয়র হিসাবে দায়িত্ব
নিয়েছেন ভার্জিনিয়া। শুধু ইতালিতেই নয়, ভার্জিনিয়ার এই জয় একাধিক কারণে গুরুত্ব পাচ্ছে ইওরোপীয় রাজনীতিতেও। প্রথমত, প্রাক-রোমান পর্বের ইট্রাস্কান সভ্যতা থেকে
ভার্জিনিয়ার আগে পর্যন্ত এই ঐতিহাসিক শহর পরিচালনার দায়িত্ব কোনও মহিলার উপরে বর্তায়নি। রোমান সম্রাটকুল, ২৫ জন পোপ থেকে ফাশিস্ত স্বৈরাচারী
বেনিত্তো মুসোলিনি পর্যন্ত যে শহর থেকে রাজ্যপাট চালিয়েছেন, সেখানে মেয়র পদে ভার্জিনিয়ার অভিষেক প্রচলিত রীতিপালনের মানসিকতাকেই ভেঙে দিয়েছে বলে মনে
করছেন বিশেষজ্ঞেরা। দ্বিতীয় কারণ, ভার্জিনিয়ার এই জয়ের ফলে ইওরোপে বাড়তি প্রতিষ্ঠা পাচ্ছে তাঁর দল। জনমুখী, প্রতিষ্ঠানবিরোধী, বিশ্বায়নবিরোধী, পরিবেশ সচেতন এবং
ইওরোপীয় ইউনিয়নের তত্ত্ব নস্যাৎ করা এই দলটি তৈরি হয়েছে ২০০৯ সালে। ব্যাপ্পে গ্রিল্লো নামে বিশিষ্ট কমিক অভিনেতা এবং জিয়ানরোবের্তো কাসালেজ্জিও
নামে একজন 'ওয়েব স্ট্র্যাটেজিস্ট'এর উদ্যোগে। গঠনের পর থেকেই দেশে সাড়া ফেলেছে দলটি। খুব বেশি সংখ্যায় আসন না জিততে পারলেও ২০১৩
সালের সাধারণ নির্বাচনে উল্লেখযোগ্যভাবে ভোটবৃদ্ধি ঘটেছে তাদের। রেনসি'র সংস্কারমূলক পদক্ষেপ সত্ত্বেও দু'বছরে ঋণগ্রাস থেকে একটুও বেরোতে পারেনি ইতালি। বাড়ছে বেকারের
সংখ্যা। দেশবাসীর একটি বড় অংশই এজন্য দায়ী করছে 'ইউরো'কে। এই পরিস্থিতিতে জনপ্রিয়তা বাড়ছে 'ফাইভ স্টার মুভমেন্টে'র। দেশের প্রচলিত কিছু ধারণারও
বিরোধী 'ফাইভ স্টার মুভমেন্ট'। কিছু ক্ষেত্রে উদ্দেশ্যগতভাবে এদের সঙ্গে ভারতের 'আম আদমি পার্টি'র (আপ) মিল রয়েছে। দল হিসাবে গঠিত হওয়ার
আগে 'আপ' যেমন, রাজনীতিতে স্বচ্ছতা, সরাসরি গণতন্ত্র বা আম আদমির ক্ষমতায়নের পক্ষ নিয়ে বলত, 'ফাইভ স্টার মুভমেন্ট'ও তা-ই বলে। যেমন
ওই দলে যিনি নাম লেখাবেন, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ থাকলে চলবে না। রাজনীতি ওই দলে 'পেশা' নয়, স্বেচ্ছাসেবা। কেউ
দু'বার নির্বাচনে জিতলে তিনি আর তৃতীয়বার পথ্রী হতে পারবেন না। সমকামী বিয়ের পক্ষে ওই দল। সিরিয়া-সহ যে কোনও দেশে আমেরিকার
সেনা পাঠানোর ঘোর বিরোধী। জনপ্রিয়তা বাড়লেও ভার্জিনিয়ার হাত ধরে রোম দখল তাই 'ফাইভ স্টার মুভমেন্টে'র পক্ষে বড় ঘটনা। রোমা ত্রে
ইউনিভার্সিটির আইনের কৃতী ছাত্রী, এক সন্তানের মা ভার্জিনিয়াকে তাই আক্ষরিক অর্থেই অঘটনঘটনপটীয়সী ভাবছে ইতালি। 