সামান্য অপরাধেই পাকিস্তানে হিন্দু বৃদ্ধকে মাটিতে ফেলে মারল পুলিশ 
ইফতারের আগে বাড়ির বাইরের দোকানে খাবার বিক্রি করার সময়ে একটা কলা খেয়েছিলেন তিনি। এই অপরাধেই পাকিস্তানের সিন্ধু প্রদেশে গোকাল
দাশ নামে পাকিস্তানের এক হিন্দু নাগরিককে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল এক পাক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। মারের চোটে ৮০ বছরের ওই
বৃদ্ধের শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকায়। অভিযুক্ত পুলিশ কর্মীকে অবশ্য গ্রেফতার করা হয়েছে।
আক্রান্ত গোকাল দাশ। নিয়ম অনুযায়ী ইফতারের আগে পাকিস্তানে প্রকাশ্যে খাওয়া নিষিদ্ধ। অভিযুক্ত পুলিশকর্মীর দাবি, ইফতারের কিছুক্ষণ আগেই খাবার বিক্রি করার
সময়ে একটি কলা খাচ্ছিলেন ওই বৃদ্ধ। এরপরেই মারতে মারতে ওই বৃদ্ধকে রাস্তায় ফেলে দেন ওই কনস্টেবল। স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধকে
উদ্ধার করেন। বৃদ্ধের নাতি স্থানীয় ওই কনস্টেবলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা জানার পরেই সিন্ধু প্রদেশের পুলিশের আইজি
অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গ্রেফতারের নির্দেশ দেন। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই পাকিস্তান জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
সোশ্যাল মিডিয়াতেও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই এই ঘটনাকে পুলিশের বাড়াবাড়ি বলে সমালোচনা করেছেন। 