খ্রিস্টীয় চার্চে আদায় হল মগরিবের নমাজ 
সহিষ্ণুতা-অসহিষ্ণুতা নিয়ে যখন একটা গোটা উপমহাদেশ মাথার ঘাম পায়ে ফেলছে, তখন দক্ষিণ গোলার্ধে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে মরমোন সম্প্রদায়ের একটি চার্চে নমাজ পড়ছেন মুসলমান সম্প্রদায়ের কিছু মানুষ। ফেসবুক-এ জনৈক ব্যক্তির অ্যাকাউন্টে ছবিটি পোস্ট হওয়া মাত্রই
ভাইরাল হয়ে পড়ে। পশ্চিমি-দুনিয়ায় সহিষ্ণুতা-বিতর্ক এই মুহূর্তে অন্য জায়গায়। সাম্প্রতিক নাশকতা নিয়ে খ্রিস্টান-প্রধান দেশগুলিতে লক্ষ্যণীয়ভাবে উঠে আসছে মুসলিম-বিদ্বেষ। সেখানে, ব্রিসবেনের
চার্চের এই দৃশ্যকে স্বাগত জানাতে শুরু করেছেন অসংখ্য মানুষ। কুইনসল্যান্ডের ইসলামিক কাউন্সিলের মুখপাত্র আলি কাদরি ফেসবুক-মারফত জানিয়েছেন, ব্রিসবেনের এই বিশেষ
খ্রিস্টীয় সম্প্রদায় স্থানীয় মুসলিমদের তাঁদের চার্চ ভ্রমণের জন্য আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণ তাঁদের ক্রিসমাস কর্মসূচির অঙ্গ। ১০৮ বছরের পুরনো হল্যান্ড
পার্ক মসজিদে গিয়ে নিমন্ত্রণ সেরে আসেন মরমোন চার্চের প্রতিনিধিরা। মরমোন সম্প্রদায়, যাঁরা চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ লেচার ডে সেন্টস
সম্প্রদায় নামেও পরিচিত, আমন্ত্রিত মুসলমানদের মগরিবের নমাজের জন্য একটি ঘর ছেড়ে দেন। কাদরি ফেসবুকে লিখেছেন - দুই সম্প্রদায় দুই ভিন্ন
পদ্ধতিতে একই ঈশ্বরের উপাসনা করল একই ছাদের নীচে। তিনি এই ধরনের কাজকে নিয়মিত অভ্যাসে নিয়ে আসার কথাও বলেছেন। আর এটা
যে বেশির ভাগ মানুষেরই মনের কথা, তার প্রমাণ হল এই পোস্টের ভাইরাল হয়ে যাওয়া। 