'গ্রেনেড প্রয়োগ করতে জানেন?' - গ্রেনেড ফাটিয়ে বিচারকের প্রশ্নের উত্তর কনস্টেবলের 
পাকিস্তানের করাচির সন্ত্রাসবাদ-বিরোধী কোর্টে একটি গ্রেনেড বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। না, কোনও সন্ত্রাসবাদী হামলা ঘটেনি সেখানে। বরং এই বিস্ফোরণের
নেপথ্যে রয়েছেন পুলিশেরই এক কনস্টেবল। জানা গিয়েছে যে, একটি মামলার শুনানি চলাকালীন বিচারক ওই কনস্টেবলকে প্রশ্ন করেছিলেন, কীভাবে গ্রেনেড প্রয়োগ
করতে হয় তা তিনি জানেন কিনা। তখন ওই কনস্টেবল মুখে সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে সরাসরি একটি গ্রেনেডের পিন খুলে
দেখাতে যান বিচারককে। তখনই বিস্ফোরণ ঘটে, যাতে জখম হন দু'জন পুলিশ কর্মী এবং কোর্টের একজন কর্মচারী। অন্যান্য অশত্রসশত্রের সঙ্গে ওই
গ্রেনেডটিও কোর্টে আনা হয়েছিল একটি মামলার প্রমাণ হিসেবে। তবে তার আগে সেটিকে নিষ্ক্রিয় করা হয়নি। বিস্ফোরণের পরেই সন্ত্রাসবাদী হামলা হয়েছে
মনে করে পুলিশ ও আধা সামরিক বাহিনী কোর্ট চত্ত্বর ঘিরে ফেলে। বর্তমানে চিকিৎসাধীন ওই কনস্টেবল সুস্থ হওয়ার পরেই তাঁর বিরুদ্ধে
আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ কর্তৃপক্ষ। 