সন্তানের জন্ম দেওয়ার আগে ল্যাপটপ নিয়ে বসলেন অন্তঃসত্ত্বা! চমকালেন ডাক্তাররাও 
তখনও সন্তানের জন্ম দেননি। শারীরিক বিভিন্ন সমস্যা নিয়েও ভুগছেন ৯ মাসের এই অন্তঃসত্ত্বা। তার মধ্যেই ল্যাপটপ নিয়ে বসে পড়লেন।
তাঁর কাণ্ড দেখে হাঁ হাসপাতালের চিকিৎসকরাও। কিন্তু যখন তাঁরা জানলেন কী কারণে তরুণী ওই অবস্থাতেও ল্যাপটপ নিয়ে বসেছেন, বাহবা না
জানিয়েও পারেননি। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস-এর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অন্তঃসত্ত্বা সেই তরুণীর নাম নেজিয়া থমাস। তিনি জনসন
কান্ট্রি কমিউনিটি কলেজের সাইকলোজির ছাত্রী। কলেজে পড়ার সময়েই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এবং তারপরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কয়েকদিন আগেই পেটের যন্ত্রণা
নিয়ে হাসপাতালে ভর্তি হন নেজিয়া। কিন্তু তাঁর পরীক্ষা ছিল সামনেই। এদিকে রিসার্চ পেপার তখনও শেষ হয়নি। তাই ওই অবস্থাতেও হাসপাতালের
বিছানায় বসে তিনি রিসার্চ পেপার শেষ করেন এবং তার পর সন্তানের জন্ম দেন। পরীক্ষা দেওয়ার ছবি নিজেই টুইট করেন নেজিয়া।
ছবির সঙ্গে মজা করে তিনি জানান, এই ছবিটা আমার মা তুলেছে। এই মুহূর্তে আমার জীবনের একদম ঠিকঠাক ব্যাখ্যা দিচ্ছে এই
ছবিটা। হ্যাঁ আমি সন্তানসম্ভবা, তবে আমার ফাইনাল পরীক্ষা এখনও শেষ হয়নি। তিনদিন পরে আর একটি টুইট করে নেজিয়া জানান, তিনি
সফলভাবে তাঁর রিসার্চ পেপার শেষ করেছেন এবং সম্পূর্ণ সুস্থ একটি সন্তানের জন্মও দিয়েছেন। কঠিন সময়গুলোয় পাশে থাকার জন্য নেজিয়া তাঁর
স্বামীকেও ধন্যবাদ জানিয়েছেন টুইটে। নেজিয়া দু'টি টুইটই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। লক্ষাদিক মানুষ এটি লাইক ও রিটুইট করেন। নেটিজেনরা
অনেকেই জানিয়েছেন, নেজিয়ার কাহিনি যে কোনও লড়াকু মানুষের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে। 