তীব্র প্রেম, প্যাশন আর উদ্দাম ভালবাসাকে একসঙ্গে দেখবে কলকাতা 
শরৎচন্দ্রের 'দেবদাস' আর ভলাদিমির নবোকভের 'লোলিটা'-র মধ্যে মিল কোথায়? আপাতদৃষ্টিতে কোথায় বাংলার হাতিপোঁতা গ্রাম আর কোথায় ইউরোপের সেই ঝোরো
সফর! কিন্তু কোথাও এই দুই লিজেন্ডারি ন্যারেটিভ এক বিন্দুতে মেশে। সেই বিন্দুটির নাম 'প্যাশন'। এই দুই কাহিনিই অবধারিত অবসেশনের তুমুল
মেলোড্রামা। উথালি পাথালি প্রেমের দুই ট্র্যাজেডিকে একবিন্দুতে নিয়ে এসে পরিবেশনের এক পরিকল্পনা করেছে 'ড্রামাটিক্যালি কারেক্ট' নাট্যদল। দেখুন এই নাটকের ফেসবুক
ট্রেলার 'রাস্ট অ্যান্ড স্টারডাস্ট' নামের এই নাটকের মুখ্য চরিত্র ডেবি আর পারো। তারা বাল্যবন্ধু। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তারা প্রেমে
পড়ে পরস্পরের। প্রেমের ম্যনিফেস্টেশন হিসেবে তারা গড় তোলে একটা নাটকের দল। নাটকের দলের টিকে থাকার সংগ্রাম যখন তীব্র, ঠিক সেই
সময়ে পারোর বাবার ব্যবসায় বিপর্যয় আরও ঘন অন্ধকার ডেকে আনে। ডেবি মাদকাসক্ত হয়ে পড়ে, পারোর সামনে দেখা দেয় অন্য এক
চ্যালেঞ্জ। শরৎবাবুর 'দেবদাস'-এ কীভাবে ঢুকে পড়ে নবোকভের ভয়ানক প্যাশন প্লে 'লোলিটা', তা জানতে গেলে দেখতেই হবে 'রাস্ট অ্যান্ড স্টারডাস্ট'। ডেবির
ভবিতব্যে কি মিশে যায় 'লোলিটা'-র কথক হামবার্টের বিপন্নতা? অবসেশন আর প্যাশনের তীব্র হলাহলকে কীভাবে ধারণ করছে এই নাটক, তা দেখার
কৌতূহল থাকল শহরের। আগামী ২৫ এপ্রিল সন্ধ্যায়, কলকাতার জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হবে 'রাস্ট অ্যান্ড স্টারডাস্ট'। 