উড়বে 'উড়তা পঞ্জাব'। নিহালনীকে কটাক্ষ আমিরের 
সুপ্রিম কোর্ট থেকে বৃহস্পতিবার ছাড়পত্র পেল 'উড়তা পঞ্জাব'। সর্বোচ্চ আদালত এবং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ছবির মুক্তি স্থগিত রাখার
দাবিতে যে আবেদন করা হয়েছিল, তা গ্রাহ্য হয়নি। ফলে আজ, শুক্রবারই মুক্তি পাচ্ছে ছবিটি। কিন্তু আদালতের ছাড়পত্রের পরেও ছবিটিকে ঘিরে
বিতর্কে ছেদ পড়েনি। অভিযোগ, মুক্তির আগেই ইন্টারনেটে 'লিক' হয়েছে 'উড়তা পঞ্জাব'! তা নিয়ে পহেলাজ নিহালনীর সেন্সর বোর্ডকেও হুল ফোটাতে ছাড়ছেন
না বলিউডের তারকারা! আমির খান ওই ছবির দর্শকদের উদ্দেশে টুইট করেছেন, 'পাইরেসি ও পাইরেটদের হারিয়ে দিন। থিয়েটারে গিয়ে উড়তা পঞ্জাব
দেখুন'। পাশাপাশি, তিনি পঞ্জাবের লুধিয়ানায় সাংবাদিকদের বলেন, ইন্টারনেটে যে কপি পাওয়া যাচ্ছে, তা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) অনুমোদিত
কি না জানি না। কিন্তু যদি তা-ই হয়, তাহলে সেটা সিবিএফসি'র পক্ষে লজ্জার। ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কশ্যপ ফেসবুকে জনসাধারণকে
অনুরোধ করেছেন, 'ডাউনলোডের অধিকার আপনাদের আছে। কিন্তু মনে রাখবেন, এটা সেন্সরপদ্ধতির বিরুদ্ধে লড়াই।... অন্তত শনিবার পর্যন্ত কৌতূহল ধরে রাখুন'। অনুরাগ
ওই ফেসবুক পোস্টেই নিহালনীকে বিঁধে লিখেছেন, 'কোনও গোষ্ঠীস্বার্থ মানুষকে তাঁদের অধিকারের লড়াই থেকে সরাতে চাইছে'। 